হ্যাংকস-ইরফানের 'ইনফার্নো' ঢাকায়

ড্যান ব্রাউনের জনপ্রিয় উপন্যাস ‘ইনফার্নো’ অবলম্বনে তৈরি হলিউড ছবি ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এতে হলিউডের টম হ্যাংকস, ফেলিসিটি জোনস ছাড়াও অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। সেই ছবিটিই হলিউডের সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। শুক্রবার থেকে রাজধানীর এই মাল্টিপ্লেক্সে ছবিটির নিয়মিত প্রদর্শনী চলবে।
আগের দুই ছবির মতোই এ ছবির প্রধান চরিত্র প্রফেসর রবার্ট ল্যাংডনের ভূমিকায় দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকসকে। তা ছাড়া ফেলিসিটি জোনস, ওমর সাই, বেন ফস্টার ও ইরফান খানকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। আগের ছবিগুলোর ধারাবাহিকতায় এ ছবিটিও পরিচালনা করেছেন অস্কারজয়ী রন হাওয়ার্ড।
এর আগে ২০০৬ সালে এই সিরিজের ‘দ্য দা ভিঞ্চি কোড’ মুক্তি পায়। এরপর ২০০৯ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমনস’।