'হ্যারি পটার' ফিরতে রাজি, তবে...

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের ছবিগুলোয় নাম ভূমিকায় অভিনয় করা হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফকে আবারও দেখা যেতে পারে নতুন করে ‘হ্যারি পটার’ নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি হলে। তবে একটি শর্ত পূরণ হলেই কেবল এটি সম্ভব। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পছন্দ হলে আবারও হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করতে চান তিনি।
জেকে রাউলিংয়ের লেখা বইয়ের গল্প নিয়ে হ্যারি পটার সিরিজের যে ছবিগুলো মুক্তি পায়, তাতে নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে দুনিয়াজোড়া পরিচিতি এবং খ্যাতি পান ড্যানিয়েল রেডক্লিফ। ছবিগুলো সব বয়সের জাদুবিদ্যানির্ভর কল্পকাহিনি এবং অ্যাডভেঞ্চারপ্রিয় দর্শক, বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিরিজের প্রতিটি ছবিতে একটু একটু করে ছোট্ট হ্যারির বেড়ে ওঠার সঙ্গেই ধীরে ধীরে বড় হন ড্যানিয়েল। শিশু বয়সেই তারকাখ্যাতি পেয়ে যান এই ছবিতে অভিনয় করেই, যা এখনো সাফল্যের সঙ্গে ধরে রেখেছেন। তবে এটাও ঠিক যে অন্য কোনো ছবিতে অভিনয় করে এখন পর্যন্ত ‘হ্যারি পটার’ ছবির মতো জনপ্রিয়তা পাননি তিনি। তাই, আবার যদি সুযোগ আসে, তবে সে সুযোগ কি ছাড়তে পারেন ড্যানিয়েল? ড্যানিয়েলের উত্তরটা এমন—ছবির স্ক্রিপ্ট পছন্দ হলেই কেবল নতুন কোনো হ্যারি পটার ছবিতে অভিনয়ে আগ্রহী তিনি!
সম্প্রতি বিনোদনভিত্তিক পোর্টাল ‘কন্টাক্ট মিউজিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ড্যানিয়েল বলেন, ‘অভিনয়ের বিষয়টি নির্ভর করবে স্ক্রিপ্টের ওপর। ব্যাতিক্রমী কিছুও থাকতে হবে তাতে।’ শর্ত জুড়ে দিয়ে আপাতত ‘না’ বলে দিলেও, আবার ফিরে আসার পথটা খোলা রাখলেন ড্যানিয়েল রেডক্লিফ। তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
এদিকে, সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকায় লেখিকা জেকে রাউলিং, জ্যাক থর্ন ও জন টিফানির লেখা নতুন মঞ্চনাটক ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’-এর প্রদর্শনটি মঞ্চে গড়ানোর আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। দুই অংশের এই নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ৩০ জুলাই নাটকটির প্রদর্শনী হওয়ার কথা। অথচ ‘আসল’ হ্যারি পটার ড্যানিয়েলই নাকি সেই নাটক দেখতে যেতে আগ্রহী নন! নাটকটি দেখতে না যাওয়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা, ভুল হতে পারে, কিন্তু আমি গেলে সেখানে ভক্তদের ভিড়ভাট্টা হতে পারে। আমি এমন কিছুই করতে চাই না, যা প্রদর্শনীটির থেকে দর্শকদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়।’
মিড-ডে অবলম্বনে দেব দুলাল গুহ।