কিরা নাইটলির সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন হারপার বাজার সাময়িকীর প্রতিবেদক লিডিয়া স্ল্যাটার। ঘরের ভেতর অনেক সাক্ষাৎকারই তো দেওয়া হয়েছে, এবার না হয় বাইরেই কথা হোক। লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতেই তাই কথা বলছিলেন তাঁরা। নারীবাদ ছিল তাঁদের আলাপের অন্যতম বিষয়।
আলাপে আলাপে কিরা জানালেন, যখন বেড়ে উঠছিলেন, কেউ তাঁকে বলেননি যে চাইলে তিনি ফুটবলারও হতে পারেন, যেহেতু সেটা ছেলেদের খেলা। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের এসব ব্যাপারে দেরিতে হলেও সোচ্চার হয়েছিলেন তিনি।
একসময় ‘ক্রমবর্ধমান ও অনিবার্য হয়রানি’ নিয়ে কথা ওঠে। কমবেশি বিশ্বের প্রায় সব দেশের নারীই যার শিকার। পথেঘাটে কত না হয়রানির শিকার হন মেয়েরা! এসব নিয়ে কথা বলতে বলতে নিজেই হয়রানির শিকার হলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অভিনেত্রী। এক পথচারি তাঁকে টিজ করতে থাকে। লম্বাচওড়া একটা লোক তাঁদের পিছে পিছে আসতে আসতে বলতে থাকে, ‘তোমাকে খুব পিচ্চি দেখাচ্ছে। এখনো স্কুলে যাও নাকি?’
কিরা কিন্তু দমে যাননি। বরং বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন, ‘ধন্যবাদ।’ তবু লোকটি তাঁদের অনুসরণ করতে থাকে। এ ঘটনায় আগের আলোচনার সূত্র ধরে কিরা বলেন, ‘এ অবস্থার পরিবর্তন দরকার। পরের প্রজন্মের নারীদের জন্য আমাদেরই সেটা করতে হবে।’
ক্যামিল গ্রিফিনের কনসেপশন নামের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন কিরা। আগে এই পরিচালকের সাইলেন্ট নাইট ছবিতে কাজ করেছেন তিনি।
সূত্র: স্ক্যারি মমি