১৫ কোটি ডলারেও বন্ড হবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্পেক্টর’ ছবিতে ড্যানিয়েল ক্রেইগ
‘স্পেক্টর’ ছবিতে ড্যানিয়েল ক্রেইগ

এখনো হলিউড খুঁজে পায়নি যোগ্য কোনো ‘জেমস বন্ড’। কত শত গুঞ্জনই না ছড়াল। ইদ্রিস অ্যালবা, টম হিডেলস্টোন আরও কত তারকাই নাম লেখালেন সম্ভাব্য ‘জেমস বন্ড’ হওয়ার তালিকায়। কিন্তু ব্রিটিশ গুপ্তচর ‘জেমস বন্ড’-এর চরিত্রে এখনো অনেকেই দেখতে চান সেই আগের ড্যানিয়াল ক্রেইগকেই। ভক্তদের এই প্রত্যাশা আঁচ করতে পেরেছে বন্ড সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান। তাই তো ড্যানিয়াল ক্রেইগকে ১৫ কোটি ডলার প্রস্তাব করেছে তারা নতুন দুটি বন্ড ছবিতে অভিনয়ের জন্য। কিন্তু দুঃসংবাদ হলো, সেই প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছেন ক্রেইগ।

ড্যানিয়েল ক্রেইগ মোট চারটি ছবিতে অভিনয় করেছেন ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের চরিত্রে। চারটিই ছিল বক্স অফিসে ব্যবসাসফল। কিন্তু বন্ড সিরিজের মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘স্পেক্টর’-এর প্রচারণার সময় স্পষ্ট বলে দিয়েছিলেন ক্রেইগ, এই চরিত্রে আর অভিনয় করবেন না। কারণ, তাঁর ধারণা, বন্ড চরিত্রটির জন্য তিনি আর উপযুক্ত নন। বয়সটা তাঁর বেশ বেড়ে গেছে।
কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান সনি ফিল্মস ড্যানিয়েল ক্রেইগের এই ধারণার সঙ্গে একমত নয়। তারা অন্তত আগামী দুই ছবির জন্য ‘জেমস বন্ড’ হিসেবে ড্যানিয়েল ক্রেইগকে চান। এর মধ্যে নতুন এবং তরুণ একজন ‘জেমস বন্ড’-ও খুঁজে নেবে প্রতিষ্ঠানটি। ইন্ডিওয়্যার।