
২০ বছর জেলে ছিলেন গ্যারি অ্যালেন কো। সেখানেই দেখা হয়েছিল ভিকি ভাইনসনের সঙ্গে। সেখানেই প্রেম। গ্যারির মুক্তির পর দুজনে পরিকল্পনা করেন, পুরো এক সপ্তাহ আনন্দফুর্তি করবেন। তৃতীয় দিনে তাঁদের সঙ্গে ঘটে গেল স্বপ্নের মতো এক ঘটনা।
রাস্তা দিয়ে হাঁটছিলেন দুজন। পরিবহন-প্রতিষ্ঠান স্টারলাইন তাদের যাত্রীদের একটি ট্যুর বাসে ওঠাচ্ছিল। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গ্যারি ও ভিকিকে বললেন, প্রতিষ্ঠানটির জন্য একটি প্রচারণামূলক ভিডিও নির্মাণ করছেন তাঁরা। এ জন্য আরও কয়েকজন বাসযাত্রী প্রয়োজন। গ্যারি আর ভিকিকে অনুরোধ করা হলো বাসে চড়ে ভিডিও তৈরিতে সাহায্য করতে। তাঁদের হলিউড ঘুরে দেখানো হবে। গ্যারি জিজ্ঞেস করলেন, বাসে চড়তে টিকিট কাটতে হবে? তাঁদের পকেটে তো তেমন টাকা নেই।
খরচ করতে হবে না জেনে বাসে চড়লেন দুজন। বাস চলছে হলিউডের পথ ধরে। নানা জায়গা ঘুরে দেখা হলো। তখনো সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল গ্যারির। একসময় তাঁদের বলা হলো, তাঁরা এখন অস্কার জাদুঘরে প্রবেশ করবেন। সেখানে আগের অস্কারে ব্যবহৃত কিছু পোশাক দেখানো হবে তাঁদের। কিন্তু আসলে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল ডলবি থিয়েটারে, যেখানে আয়োজিত হয়েছিল এবারের একাডেমি পুরস্কার অনুষ্ঠান! সেখানে অস্কারের উপস্থাপক জিমি কিমেল স্বাগত জানালেন তাঁদের। এ যেন স্বপ্ন!
গ্যারির জেলে যাওয়ার গল্পটা বলে নেওয়া যাক। শিকাগোতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ধরা পড়েন ১৯৯৬ সালে। শেষ অপরাধটা ছিল সুগন্ধি চুরির! আগের আরও তিনটি অপরাধ যোগ করে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ভালো আচরণের জন্য সাজা কমে ছয় বছর আগেই গ্যারি মুক্তি পেয়ে যান।
স্টারলাইনের চেয়ারম্যান কামরুজ ফরহাদি বলেন, বেশির ভাগ সময় তাঁরা মুখ হাঁ করে ছিলেন। এভাবে সাধারণ মানুষকে চমকে দেওয়ার পরিকল্পনাটা ফরহাদির মাথা থেকেই আসে। এই পরিকল্পনা আরও জানতেন স্টারলাইনের দুজন ম্যানেজার, জিমি কিমেল ও সেই ট্যুর বাসের চালক। অবশ্য জিমি কিমেল জানুয়ারি মাসে ইঙ্গিত দিয়েছিলেন, অস্কারে মজার কিছু ঘটতে পারে। হলিউড রিপোর্টার।