২৭ বছর পর রকের মুখে ক্যান্ডি!

পাথরে ফুল ফোটানো যেমন সহজ নয়, তেমনই কঠিন রকের মুখে ক্যান্ডি তুলে দেওয়া। প্রকাণ্ডদেহী হলিউড অভিনেতা ডোয়াইন জনসন, যিনি সবার কাছে প্রিয় দ্য রক নামে, তাঁর কাছে এই সব ক্যান্ডি, চকলেটের মতো মিষ্টি খাবার বাজে একটা জিনিস। তাই তো ২৭ বছর আগে তিনি শেষবার নিয়েছিলেন ক্যান্ডির স্বাদ। আর এবার জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’-এর গত শুক্রবারের অনুষ্ঠানে তিনি আবারও খেলেন ক্যান্ডি!
কী অদ্ভুত, একটা মানুষ ক্যান্ডি খেয়েই উঠে এলেন খবরে? হ্যাঁ, মানুষটি যদি ডোয়াইন ‘দ্য রক’ জনসন হন, তাহলে তো হবেই। কারণ সুঠাম দেহের এই তারকা তাঁর নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য অনেক আলোচিত। তাই চকলেট-ক্যান্ডির মতো ছেলেমানুষী খাবার যখন তাঁর মুখে ওঠে, তখন এ নিয়ে কিঞ্চিৎ আলোচনা তো হবেই।

‘দ্য টুনাইট শো’-এর সঞ্চালক হঠাৎ আবিষ্কার করেন রকের আসলে মিষ্টিজাতীয় খাবারের প্রতি দারুণ অনীহা। তাই তাঁকে একটু খ্যাপাতেই অনুষ্ঠানে ক্যান্ডি খাওয়ার মজার একটি পর্ব যোগ করেন। ওই পর্বে রক সবাইকে জানান, তিনি সর্বশেষ ১৯৮৯ সালে ‘টুইজলার’ নামে একটি ক্যান্ডি খেয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৯। এরপর থেকে এর ধারে-কাছেও তিনি ঘেঁষেননি তিনি আর। তবে শুক্রবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭ বছর পর রক আবারও তাঁর ছেলেবেলায় ফিরে গেলেন। ৪৪ বছর বয়সী এই অভিনেতা অনুষ্ঠানে জানালেন, এই ছেলেবেলায় ফিরে যাওয়াটা তাঁর কাছে ছিল দারুণ উপভোগ্য। হ্যালো ম্যাগাজিন।