৪০ বছরের ধর্ষণ মামলা বন্ধ করতে বাদীর আরজি!

যে মানুষটা খেটেখুঁটে অস্কার ঘরে তুলতে পারেন, তাঁর সম্পর্কে ধর্ষণের অভিযোগ একটু অবাক করা বিষয় বটে। প্রায় ৪০ বছর ধরে মামলা চলছে এই অভিযোগের ভিত্তিতে। অভিযুক্ত ব্যক্তি ‘দ্য পিয়ানিস্ট’খ্যাত ফ্রেঞ্চ-পোলিশ পরিচালক রোমান পোলানস্কি।
এত বছরের পুরোনো মামলা যিনি করেছেন, সেই সামান্থা গেইমার এখন আর মামলাটি চালু রাখতে চান না। ১৯৭৯ সালে ১৩ বছর বয়সী সামান্থাকে ধর্ষণ করার পর পোলানস্কি অনেক বছর পালিয়ে বেড়ান। নিজ অপরাধ স্বীকার করলেও শাস্তি ভোগ করতে চাননি। তাই পালিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন আর ৮৩ বছর বয়সে পালিয়ে থাকতে চান না। স্বাধীন হতে চান। সামান্থাও ক্ষমা করে দিয়েছেন পোলানস্কিকে, যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন। এখন চাইছেন মামলাটি উঠিয়ে নিতে। গতকাল শুক্রবার আদালতে মামলাটি বন্ধ করতে আরজি পেশ করেন তিনি। তিনি আদালতকে বলেন, ‘আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে (রোমান পোলানস্কি) ক্ষমা করে মামলাটি বন্ধ করছি।’
এর আগে পোলানস্কি বহুবার চেষ্টা করেছেন মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য। কিন্তু ব্যর্থ হয়েছেন প্রতিবার। সামান্থা নিজেও চেয়েছেন মামলাটি যেন বন্ধ করে দেওয়া হয়। কেননা গণমাধ্যমের কাটাছেঁড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। তাঁর মতে গণমাধ্যমের ‘সার্কাস’ ধর্ষণের চাইতেও বাজে। আদালতের বিচারকাজ সম্পর্কে তিনি বলেন, ‘প্রত্যেকে নিজেদের মতামত দেয়। আমি সেখানে ছিলাম। ভালো ছিলাম। আমি মনে করি না আমার অনুভূতিকে উন্মুক্ত করতে হবে আর মানুষের বিনোদনের জন্য নিজেকে অসহায় মনে করতে হবে। আর আমি এটা করবও না। আমি ভালো আছি।’ সামান্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানান মামলার বিচারক স্কট গরডন। ভ্যারাইটি।