৫০ ছাড়িয়েও তাঁরা চিরসবুজ

বয়স বাড়লে বেশির ভাগ মানুষেরই মুখে বলিরেখা পড়ে, বেড়ে যায় ওজন, কমে যায় ত্বকের লাবণ্য। কিন্তু হলিউডের কতিপয় তারকা আছেন, ৫০ পেরিয়ে ষাটের কোঠায় পৌঁছেও যাঁদের সৌন্দর্য তো কমেইনি, বরং কারও কারও মতে বেড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিবি কেটস। ছবি: সংগৃহীত

ফিবি কেটস, ৫৬ বছর
মার্কিন অভিনেত্রী, গায়িকা ও মডেল। ‘ফাস্ট টাইমস অ্যাট রিজমন্ট হাই’, ‘গ্রেমলিনস’, ‘ড্রপ ডেড ফ্রেড’-এর মতো ছবিগুলোয় অভিনয় করেছেন তিনি। ১৯৮৩ সালে অভিনেতা কেভিন ক্লাইনের সঙ্গে তাঁর পরিচয়। দুই বছর পর প্রেম। ১৯৮৯ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে দুই সন্তানের মা। ২০০৫ সালে নিউইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে একটি বুটিকের দোকান চালু করেন কেটস, নাম দেন ব্লু ট্রি।

লরা স্যান গিয়াকোমো। ছবি: সংগৃহীত

লরা স্যান গিয়াকোমো, ৫৭ বছর
লরা ইতালীয়-মার্কিন অভিনেত্রী। বিশ্বাস করতে কষ্ট হবে যে আর মাত্র তিন বছর পর তাঁর ষাট হবে! ‘সেক্স, লাইজ অ্যান্ড ভিডিওটেপ’ ও ‘প্রিটি ওম্যান’ সিনেমাগুলোর জন্য তিনি পরিচিত। একবার বাফটা ও দুবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। দুবার বিয়ে করেছেন, হয়েছেন এক সন্তানের মা। লরা এখনো সক্রিয় শৌখিন ঘোড়সওয়ার। নিয়ম করে ব্যায়াম করেন, আইস স্কেটিং করেন, টেনিস ও গলফ খেলেন। এ কারণেই হয়তো এখনো তিনি তরুণ।

ডেনিস রিচার্ডস। ছবি: সংগৃহীত

ডেনিস রিচার্ডস, ৪৯ বছর
স্বর্ণকেশী এই অভিনেত্রী ৫০-এর পথে আছেন। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন বয়সকেও থামিয়ে দেওয়া যায়। ১৯৮৯ সালে হাইস্কুল শেষ করতে না করতেই সে বছর স্কুলের সেরা সুন্দরীর খেতাব পেয়ে যান তিনি। পরে হয়েছিলেন বন্ডগার্ল এবং বেশ কিছু হিট সিনেমার নায়িকা। মডেল হিসেবে ইউরোপে কাজ করেছেন। তাঁর এই সৌন্দর্যের রহস্য কী? তাঁর দাবি ভালো জিন। ব্যস্ত ও সফল ক্যারিয়ারের ফাঁকে সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। চার্লি শিনকে বিয়ে করেছিলেন। কিন্তু মতের মিল না হওয়ায় বিচ্ছেদ হয়ে যায়। পরে অ্যারন ফিপার্সকে বিয়ে করেন।

ক্যাথরিন বাখ। ছবি: সংগৃহীত

ক্যাথরিন বাখ, ৬৬ বছর
কে বলবে মার্কিন এই অভিনেত্রী ষাটোর্ধ্ব? ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’ সিরিজে অভিনয় করেছিলেন তিনি। ডেইজি ডিউক চরিত্রটির জন্য তিনি যখন অডিশন দেন, প্রযোজকেরা তখন মার্কিন গায়িকা ডলি পারটনের মতো একজনকে খুঁজছিলেন। ডলির মতো দেখতে না হলেও তাঁরা ক্যাথরিনকেই নিয়ে নেন। ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’-এর শুটিং চলাকালে তাঁর পা দুটো এক মিলিয়ন ডলারে ইনস্যুরেন্স করিয়ে নেওয়া হয়। ক্যাথরিন ডেভিড শকে বিয়ে করেছিলেন প্রথমবার। সে সংসার টেকেনি। পরে বিয়ে করেন এন্টারটেইনমেন্ট লইয়ার পিটার লোপেজকে। বিয়ের ১০ বছর পর ভদ্রলোক আত্মহত্যা করেন। জীবন তাঁর প্রতি সদয় ছিল না। তারপরও এই ৬৬ বছরে এসে চেহারায় এর ছাপ পড়তে দেননি ক্যাথরিন।

পামেলা অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

পামেলা অ্যান্ডারসন, ৫৩ বছর
কানাডীয়-মার্কিন অভিনেত্রী, মডেল, টিভি ব্যক্তিত্ব এবং লেখক। প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়ে ও টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ কাজ করে পরিচিতি পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই নিজেকে আবেদনময়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। দুই দশক পরেও মনে হয় না তাঁর বয়স হয়েছে। বিনোদন অঙ্গনের ব্যস্ততার মধ্যেও তিনি সোচ্চার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, এইডস, প্রাণী অধিকার নিয়ে। পাঁচবার বিয়ে করেন পামেলা।

হিদার লকলিয়ার। ছবি: সংগৃহীত

হিদার লকলিয়ার, ৫৮ বছর
হিদার লকলিয়ারের কাছে সময় যেন থমকে গেছে। হিদার পরিচিতি পেয়েছিলেন ‘মেলরোজ প্লেস’, ‘ডাইনেস্টি’, ‘টিজে হুকার’ সিরিজগুলো করে। শুধু তা–ই নয়, মডেল হিসেবেও তিনি সফল। হিদার ১৯৮৬ সালে বিয়ে করেন মার্কিন হার্ড মেটাল ব্যান্ড মটলি ক্রুর ড্রামার টমি লিকে। সংসার টিকেছিল সাত বছর। ১৯৯৪ সালে বন জোভির গিটারিস্ট রিচি সামবোরাকে বিয়ে করেন। ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। উৎকণ্ঠা ও বিষণ্নতায় ভুগলেও এখনো বয়স তাঁর চেহারায় ছাপ ফেলতে পারেনি।

মেলিসা সু অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

মেলিসা সু অ্যান্ডারসন, ৫৭ বছর
মার্কিন-কানাডীয় অভিনেত্রী মেলিসা টেলিভিশন বিজ্ঞাপনচিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ‘লিটল হাউস অন দ্য প্রেইরি’ টিভি সিরিজে মেরি ইঙ্গলস চরিত্রে যুক্ত হয়ে ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত কাজ করেন। এ জন্য এমি পুরস্কার পান। ২০১০ সালে বের হয় তাঁর আত্মজীবনী ‘দ্য ওয়ে আই সি ইট: আ লুক ব্যাক অ্যাট মাই লাইফ অন লিটল হাউস’, যেখানে উঠে এসেছে শিশু তারকা হিসেবে তাঁর শৈশব ও অভিনয়জীবনের কাহিনি। গর্ব করার মতো চরিত্র এক জীবনে কম করেননি তিনি। তবে এর চেয়ে বেশি গর্ব তিনি করতে পারেন নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য।

জেরি রায়ান। ছবি: সংগৃহীত

জেরি রায়ান, ৫২ বছর
‘স্টার ট্রেক’ ভক্তদের জেরিকে ভালোই মনে থাকার কথা। তাঁর মনকাড়া হাসি ও সৌন্দর্য সহশিল্পীরাও ভুলতে পারেননি। ‘স্টার ট্রেক’-এ তিনি সেভেন অব নাইন। এ চরিত্রের জন্য স্যাটার্ন অ্যাওয়ার্ড জয় করেছেন তিনি। এ ছাড়া অভিনয় করেছেন ‘বস্টন পাবলিক’, ‘ডার্ক স্কাইজ’সহ বেশ কিছু টিভি সিরিজ। অভিনয়ে আসার আগে মিস ইলিনয়েস হয়েছিলেন। ১৯৯০ সালে মিস আমেরিকা প্রতিযোগিতায় তৃতীয় রানারআপ হয়েছিলেন। বিউটি কুইন সব সময় বিউটি কুইন হয়েই থাকেন, এই ৫২ বছর বয়সেও কথাটাকে সত্য প্রমাণ করেছেন জেরি।

সালমা হায়েক। ছবি: সংগৃহীত

সালমা হায়েক, ৫৪ বছর
মেক্সিকান-মার্কিন অভিনেত্রী সালমা হায়েককে কে না চেনে! একাধিক ব্লকবাস্টার ছবির নায়িকা বা প্রযোজক। ডিসলেক্সিয়া রোগী হয়েও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ালেখা করেছেন। ১৯৯১ সালে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চলে যান লস অ্যাঞ্জেলেস। বাকিটা ইতিহাস। ফরাসি ধনকুবের ফ্রঁসোয়া-অঁরি পিনোকে বিয়ে করেন সালমা। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ৫০ পেরিয়ে আজও সালমা আগের মতোই রূপবতী। কীভাবে সম্ভব! একবার বলেছিলেন, হাইড্রেটিং ক্রিম, তেল আর সেরাম ব্যবহার করেন তিনি। তবে ত্বকের মৃত কোষ অপসারণ তাঁর একদম অপছন্দ।

জুলিয়া রবার্টস। ছবি: সংগৃহীত

জুলিয়া রবার্টস, ৫২ বছর
কে বলবে তিনি তিন সন্তানের মা! তিনবার গোল্ডেন গ্লোব জিতেছেন মার্কিন এই অভিনেত্রী ও প্রযোজক, আটবার পেয়েছেন মনোনয়ন। চারবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। ‘এরিন ব্রোকোবিচ’–এ অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে একবার অস্কার পেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে বহু সফল সিনেমা। সেগুলোয় হয় তিনি অভিনয় করেছেন, নয় তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান সেগুলো বানিয়েছে। মার্কিন চিত্রগ্রাহক ড্যানি মডারকে বিয়ে করেছেন তিনি। এখনো অনেকে বলেন, ৫২ বছরের জুলিয়াকে ৩৮ বছরের মতো দেখায়! এসব সম্ভব হয়েছে যত্নের কারণে। খুব ভালো করে মেকআপ তুলে ঘুমাতে যান তিনি। বিমানভ্রমণের আগে ময়েশ্চারাইজড করে নেন, প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করেন, সুষম খাবার খান, সপ্তাহে চার দিন ব্যায়াম করেন।