৮ বছর পর অবসর ভেঙে ফিরছেন এই অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২১ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ডিয়াজের
ছবি: সংগৃহীত

মাত্র ২১ বছর বয়সে কী দুর্দান্ত শুরুটাই না হয়েছিল। জিম ক্যারির সঙ্গে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য মাস্ক’-এর কল্যাণে পরিচিতি পেতেও সময় লাগেনি। রোমান্টিক, রোমান্টিক-কমেডি ছবির জন্য বেশি পরিচিত ছিলেন। সেটা হোক ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’ বা ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’ সিনেমা। দ্বিতীয়টির জন্য প্রথমবার গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন। এরপরও টানা কাজ করে গেছেন। যা তাঁকে নব্বইয়ের দশকে হলিউডের অন্যতম ‘যৌন আবেদনময়ী’ অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইয়ে দেয়।

২০১৪ সালে ‘অ্যানি’ মুক্তির পর কার্যত অভিনয় থেকে লাপাত্তা হয়ে যান ডিয়াজ
ছবি: সংগৃহীত

পরে ‘ভ্যানিলা স্কাই’, ‘চার্লিজ অ্যাঞ্জেলেস’, ‘নাইট অ্যান্ড ডে’র মতো ব্যবসাসফল ছবিতেও দেখা যায় তাঁকে। সেই অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ২০১৪ সালে ‘অ্যানি’ মুক্তির পর কার্যত অভিনয় থেকে লাপাত্তা হয়ে যান। এরও বছর চারেক পর এক সাক্ষাৎকারে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানান। ডিয়াজ-ভক্তদের জন্য সুখবর, অবসর ভেঙে ফিরছেন অভিনেত্রী। সেটাও তাঁর পুরোনো ‘সঙ্গী’ জেমি ফক্সের সঙ্গে। নেটফ্লিক্সের অ্যাকশন–কমেডি ছবি ‘ব্যাক ইন অ্যাকশন’-এ দেখা যাবে তাঁদের। আগে ১৯৯৯ ও ২০১৪ সালে ‘অ্যানি গিভেন ডে’ ও ‘অ্যানি’ ছবিতে একসঙ্গে দেখা যায় জেমি ও ডিয়াজকে।

গত বছরের শেষের দিকেও ডিয়াজ বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান না তিনি
ছবি: সংগৃহীত

ক্যামেরন ডিয়াজের অভিনয়ে ফেরার খবর প্রথম জানান জেমি ফক্স। অভিনেত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতার অডিও রেকর্ড টুইটারে পোস্ট করেন। যেখানে রুপালি পর্দায় ফেরার ঘোষণা দেওয়ার আগে ভীষণ নার্ভাস শোনা যায় ডিয়াজের কণ্ঠ, ‘আমি জানি না এটা কীভাবে জানাব।’ ঘোষণার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ডিয়াজ লিখেছেন, ‘(জেমি ফক্স) কেবল তুমিই পারো আমাকে ফেরাতে। তর সইছে না।’
ছবিটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করেনি নেটফ্লিক্স। তবে টুইটারে জেমি ফক্স জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে।

ক্যামেরন ডিয়াজ
ছবি: সংগৃহীত

গত বছরের শেষের দিকেও এক সাক্ষাৎকারে অভিনয়ে ফেরা প্রসঙ্গে ডিয়াজ বলেছিলেন, ‘একজন মা হিসেবে ১৬ ঘণ্টা কাজ করার কথা কল্পনাই করতে পারি না।’ তবে আপাতত না থাকলেও ভবিষ্যতে কখনো না কখনো অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি অভিনেত্রী। দেখা যাচ্ছে, সে দিন দ্রুতই এল।