'অবসর নেওয়া' শব্দটিই অপছন্দ সোফিয়া লরেনের

‘অবসর নেওয়া’ শব্দটা আমার মোটেও পছন্দ নয়, আর কমবয়সী মেয়েরা যখন প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নেয় তাও আমার ভালো লাগে না।’ সম্প্রতি ন্যাশনাল আর্ট অ্যাওয়ার্ড ২০১৫-এর আসরে উপস্থিত সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এবারের আসরে ‘আজীবন সম্মাননা’ পাওয়া হলিউডের কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন। তিনি আরও জানান, তাঁর সময়ই ছিল হলিউডের সেরা সময়।
ইতালীয় এ অভিনেত্রী তাঁর অভিনয়জীবন শুরু করেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী এ প্রজন্মের তারকাদের উদ্দেশ্যে বলেন, ‘এই তরুণীরা নিজেদের মুখ ও শরীর নিয়ে যা করছে, সে বিষয়ে আরও সতর্ক হতে হবে তাঁদের এবং আরও যাচাইবাছাই করতে হবে।' '
এ সময় তারকাদের মধ্যে প্লাস্টিক সার্জারি করার যে হিড়িক পড়েছে তা যে ৮১ বছর বয়সী এই অভিনেত্রীর খুব একটা পছন্দ হচ্ছে না; তাঁর কথাতেই সেটা স্পষ্ট। তিনি কমবয়সী শিল্পীদের সতর্ক করে বলেন, ‘আমি বোঝাতে চাচ্ছি, তুমি নিশ্চিত নও যে ভালো একজন চিকিৎসকের কাছে যাচ্ছ কিনা ... আর যদি তা না হয়, সে ক্ষেত্রে তুমি আসলে নিজের কাছে যতটা না খারাপ দেখতে; তার চেয়েও তোমার চেহারা খারাপ হয়ে যেতে পারে।’
এর আগেও এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী প্লাস্টিক সার্জারি বিষয়ে তাঁর মতামত জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, কেউ যদি নিজেকে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে চান তা হবে সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়।
সোফিয়া লরেন বলেন, ‘আমি নিজেকে ভালোবাসি। আমার ত্বক আমার কাছে প্রিয়। আমি চাই না কেউ আমার কাছ থেকে আমার ত্বক (প্লাস্টিক সার্জারির মাধ্যমে) উঠিয়ে নিক। আর এ জন্যই আমি এমন কিছু করাতে চাইনি। তবে এটি যদি কোনো সমস্যার সৃষ্টি করে সে কথা ভিন্ন।’
হালের তারকাদের মতো সোশ্যাল মিডিয়া নিয়েও মাথা ঘামান না সোফিয়া। তিনি বলেছেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তবে মনে হচ্ছে; আজকাল এর মাধ্যমেই মানুষ বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আমার সময়ে হলিউডের অবস্থা এখনকার থেকে ভালো ছিল, তখন মেধা এবং দক্ষতা দিয়েই মানুষ পরিচিতি পেত।’ হাফিংটনপোস্ট। আমেরিকানস ফর দ্য আর্টস।