'আমরা গরিব'

লাখ টাকা দামের খেলনা কদিন ব্যবহার করেই কেউ কেউ ফেলে রাখে অনাদরে। অথচ পৃথিবীতে লাখোকোটি শিশু আছে, একটা ভাঙা খেলনার স্বপ্ন দেখতেও বুক ভেঙে যায় যাদের। নিজের সন্তানদের তাই বিলাসিতায় গা ভাসাতে দিতে চান না মিলা কুনিস। হয়তো বছরে ১৭ কোটি ডলার আয় করেন তিনি আর অ্যাশটন কুচার; কিন্তু নিজের সন্তানদের সব সময়ই এই বার্তা দিতে চান, ‘আমরা গরিব’।
ব্যাড মম ছবির এই অভিনেত্রী কিন্তু মা হিসেবে বেশ ভালো। কুচারের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন কুনিস। ২২ মাস বয়সী কন্যা ওয়াট, কিংবা অনাগত সন্তান—কাউকেই বিলাসী জীবন যাপন করতে দেবেন না বলেই জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অল্প বয়স থেকেই আমরা ওদের শেখাব, মা-বাবার হয়তো টাকা আছে, কিন্তু তোমাদের নেই। তোমরা গরিব। আমরা দুজনই অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি। বেড়ে উঠেছি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। সেদিক থেকে আমার সন্তানদের ভাগ্য অনেক ভালো।’ এসশোবিজ।