'এরপর এমা' পুরোটাই রসিকতা!

এমা, এরপর তুমি! ২০ সেপ্টেম্বর জাতিসংঘের হিফরশি শীর্ষক প্রচারণা শুরুর ঠিক পরই এমন হুমকি পান এমা ওয়াটসন। জেনিফার লরেন্স, রিহানা, কিম কারদাশিয়ানদের পর তাঁরও ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ পরই প্রকাশ হয় এক ওয়েবসাইট, যার নাম ‘এমা ইউ আর নেক্সট’। চোখের পানি মুছছেন এমা—এমন এক ছবি আর একটা ঘড়িই শুধু ছিল ওয়েবসাইটে। সরাসরি বলা হয়নি এমার ছবি প্রকাশ করা হবে। গত কিছুদিনের এ ধরনের ঘটনার পর সবাই ধরেই নিয়েছেন এবার হ্যাকারদের শিকার হতে যাচ্ছেন এমা ওয়াটসন।
শেষমেশ ব্যাপারটি দাঁড়াল একদমই অন্য রকম। পুরোটাই নাকি রসিকতা! তবে তা নাকি করা হয়েছে মহৎ এক উদ্দেশ্যেই। প্রথম তারকাদের ছবি ফাঁস করে দিয়েছিল যে ওয়েবসাইট ব্যবহারকারীরা, সেই ফোরচ্যান সাইটটি বন্ধ করে দেওয়ার জন্যই এমন করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য র্যানটিক নামের একটি জনসংযোগ প্রতিষ্ঠান কাজটি করেছে। শুধু দৃষ্টি আকর্ষণই যদি উদ্দেশ্য হয়, তাহলে তারা সফল। তারা জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় চার কোটি ৮০ লাখ বার তাদের ওয়েবসাইটটি দেখা হয়েছে। তবে তাতে কি জনসচেতনতা বাড়ল? এমন স্থূল রসিকতা থেকে কি ভালো কোনো উদ্যোগ নেওয়া সম্ভব?
এদিকে এমার প্রচারণার সঙ্গে সংহতি জানিয়েছেন অনেক তারকা। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও এগিয়ে আসার ডাক দিয়েছিলেন তিনি। সাড়া দিয়েছেন রাসেল ক্রো, টম হিডলস্টন, ক্রিস কোলফারসহ আরও অনেকে।
সূত্র: টাইম ও হাফিংটন পোস্ট