'কফি উইথ করণ'-এ ভিন ডিজেল

এই মাসেই মুক্তি পেতে যাচ্ছে ভিন ডিজেল অভিনীত ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’। সবার আগে এটি ভারতে মুক্তি দেওয়া হবে। ১৪ জানুয়ারি ভারতে মুক্তির পর ২০ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’। ছবি মুক্তির আগে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের টিভি অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে আসতে পারেন ভিন ডিজেল।
করণ আপাতত তাঁর অনুষ্ঠানের শুটিং করছেন না। শোনা যাচ্ছে, ১১ জানুয়ারি আবারও শুটিং শুরু করবেন তিনি। আর বিরতির পর প্রথম পর্বটিতে তিনি নিয়ে আসছেন আন্তর্জাতিক তারকা ভিন ডিজেলকে। কোনো কারণ ছাড়াই অবশ্য ভিনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যেই ছবির প্রচারের জন্য ভিন ডিজেল ভারতে আসছেন সেই ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’-এর নায়িকা যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘কফি উইথ করণ’-এ ডিজেলের সঙ্গে দীপিকাও থাকবেন।
সম্প্রতি ডিজেলের ভারত সফর সংক্রান্ত একটি খবরের লিংক টুইটারে শেয়ার করেছেন এই ভারতীয় অভিনেত্রী। সঙ্গে হিন্দিতে লিখেছেন, ‘ভিন, ভারত তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১২ ও ১৩ জানুয়ারি দেখা হচ্ছে। অনেক অনেক ভালোবাসা।’ এ পোস্টের সঙ্গে নতুন ছবিটির একটি পোস্টারও শেয়ার করেছেন তিনি। বলিউড বাবল।