'কর্মজীবী মা হওয়া কঠিন'

কর্মজীবী মা হওয়ার যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছেন স্কারলেট জোহানসন। না পারেন সন্তানকে সময় দিতে, না পারেন কাজে মনোযোগ দিতে। শুটিংয়ের সময়েও মন পড়ে থাকে দুই বছরের শিশুকন্যা ডরোথির কাছে। সম্প্রতি এ সংকট তাঁকে ভাবিয়েছে। এখন তাঁর মনে হচ্ছে, কর্মজীবী মা হওয়া কঠিন কাজ।
তবে এই অভিনেত্রী মনে করেন, কর্মজীবী নারীর মা হওয়া যেমন চ্যালেঞ্জের তেমনি সৌভাগ্যেরও। একজন নারী একাধারে রোজগার করবেন, পাশাপাশি সন্তানের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবেন—এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। এমন সৌভাগ্য সব নারীর হয় না। তিনি বলেন, ‘কর্মজীবী মায়েদের সব সময় কেমন একটা অপরাধবোধ আচ্ছন্ন করে রাখে। কর্মক্ষেত্রে থাকলে মনে হয়, বাচ্চাটার সঙ্গে বিশেষ মুহূর্তগুলো থেকে বঞ্চিত হচ্ছি। আবার বাচ্চার কাছে থাকলে মনে হয়, ইশ, কাজে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। এ অনুভূতিগুলো অবশ্য এক ধরনের ভারসাম্য তৈরি করে। কর্মজীবী মায়েদের আমি সাধুবাদ জানাই। দুই রকম এ অনুভূতি কিন্তু খুবই বিরল।’
সম্প্রতি গুজব রটেছে, ডরোথির বাবার সঙ্গে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে স্কারলেটের। অন্যদিকে পাওয়া গেছে আরেক সুখবরও। প্রকাশিত হয়েছে ‘ঘোস্ট ইন দ্য শেল’ ছবির টিজার। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট। এ বছরই মুক্তি পাচ্ছে প্যারামাউন্টের এ ছবি। এ ছবিতে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন স্কারলেট। তিনি মনে করেন, নারী যে ছবির প্রধান চরিত্র, এ রকম ছবিতে সুযোগ পাওয়া যেন-তেন কথা নয়। এমন কাজে অংশ নেওয়া মানে, নিজের কাঁধে এক বিরাট দায়িত্ব নেওয়া। মার্চে মুক্তি পাবে ছবিটি। পলিগন ও মিড ডে