'কেজ' মুক্ত হচ্ছে 'ডাইনো'র খুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস কেজ
নিকোলাস কেজ

‘কেজ’ অর্থ খাঁচা। তাই ওপরের শিরোনামটি যদি খাঁচা থেকে কোনো ‘ডাইনো’ বা ডাইনোসরের মুক্তিকে বোঝায়, সেটাও কিন্তু খুব একটা ভুল বলা হবে না। কারণ হলিউডের অভিনেতা নিকোলাস কেজের সংগ্রহশালায় এত দিন এক অর্থে বন্দীই ছিল একটি ডাইনোসরের খুলি। সেই খুলি এখন অভিনেতা কেজ হস্তান্তর করেছেন মঙ্গোলিয়ার সরকারের কাছে।
তবে ডাইনোসরের এই খুলিটি আপাতত যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র কাছেই আছে। বয়স হিসাব করলে প্রায় ৬ কোটি বছর আগেকার এই ডাইনোসরের খুলি। সম্প্রতি এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই সরকারি সংস্থাটি।
হলিউডের অভিনেতা নিকোলাস কেজ ২০০৭ সালে ডাইনোসরের এই খুলিটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আয়োজিত এক নিলাম থেকে দুই লাখ ৭৬ হাজার মার্কিন ডলারে কিনেছিলেন। এরপর তা দীর্ঘ সময় নিজের সংগ্রহে রাখেন এই ‘ঘোস্ট রাইডার’ তারকা। ডাইনোসরের এই খুলিটি মঙ্গোলিয়া থেকে কালোবাজারিরা যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। কিন্তু পরে এ নিয়ে বিতর্ক উঠলে তা সরকারি প্রক্রিয়ায় উপযুক্ত স্থানে হস্তান্তরের সিদ্ধান্ত নেন কেজ।
নিকোলাস কেজ সরাসরি ডাইনোসরের খুলিটি মঙ্গোলিয়ার সরকারের কাছে দিতে পারেননি। তবে তিনি যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র কর্মকর্তাদের কাছে এটি হস্তান্তর করেছেন। তাঁরা খুব শিগগিরই এটি উপযুক্ত স্থানে পৌঁছে দেবেন বলেই জানা গেছে। পিটিআই।