'গেম অব থ্রোনস'-এ ফিরছেন জন স্নো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন স্নো
জন স্নো

মৃত্যুই যেন ‘গেম অব থ্রোনস’-এর প্রধান সব চরিত্রগুলোর একমাত্র নিয়তি। জনপ্রিয় এই টিভি সিরিজটিতে এমনটা দেখেই অভ্যস্ত হয়ে গেছেন এর দর্শকেরা। শুরুটা হয়েছিল নেড স্টার্ককে দিয়ে। সর্বশেষ জন স্নোর মৃত্যু ভেঙে দিয়েছে ভক্তকুলের হৃদয়। তবে সম্প্রতি শোনা গেছে ভিন্ন কথা। ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিরিজে থাকছে বড় চমক। পর্দায় আবারও দেখা যাবে জন স্নোকে।


টিভি সিরিজটির অফিশিয়াল টুইটার পাতায় সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়। সেখানে জন স্নোর চরিত্রে কিট হ্যারিংটনের রক্তাক্ত মুখের ছবি এবং নিচে লেখা ‘এপ্রিল’। ব্যাস, এটুকুই। আর তাতেই পরিষ্কার হয়ে যায়, জন স্নো চরিত্রটির সমাপ্তি এখনো হয়নি। তবে রক্ত-মাংসের মানুষ নাকি অশরীরী আত্মা (হোয়াইট ওয়াকার), তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

হার্ড হোমের যুদ্ধে নিজের বাহিনীর সদস্যদের হাতে আহত হয়ে মৃত্যুর অপেক্ষায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে— শেষবারের মতো এভাবেই জন স্নোকে পর্দায় দেখা গিয়েছিল। আর এরপর থেকেই চলছিল নানা গুঞ্জন। ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিরিজ যে আসবে তা গত বছরেই ঘোষণা করা হয়। ভবিষ্যতের পর্বগুলোতে জন স্নোকে দেখা যাবে কিনা এমন প্রশ্নে সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মুখর হয়ে ওঠে।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বেলফাস্টে শুটিং স্পটে হ্যারিংটনকে দেখা যায় অভিনয়ের পোশাক পরে পরিচালকের সঙ্গে কথোপকথনে। গুঞ্জনের শুরুটা তারপর থেকেই। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সে সময়ে কিছুটা রহস্য রেখে উত্তর দিয়েছিলেন ঘুরিয়ে, তিনি বলেছিলেন, ‘এমনটা বলতে পারেন, ‘গেম অব থ্রোনস’ আরও কিছুটা সময় আমার জীবনেরই অংশ হয়েই থাকবে। যখন এটি শেষ হবে আমি হয়তো ত্রিশের কোঠায় পৌঁছে যাব।’

আগামী বছরের এপ্রিলে শুরু হবে‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিরিজ। তবে নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। ইন্দো-এশিয়ান নিউজ।