'গেম অব থ্রোনস' শেষ হতে আরও দেরি

এমনিতেই সপ্তম মৌসুম শুরু হতে যাচ্ছে দেরি করে। এর মধ্যে খবর এল সর্বশেষ এবং অষ্টম মৌসুম প্রচার হতে পারে ২০১৯ সালে। তাই দর্শক-ভক্তদের আরও এক বছর অপেক্ষা করতে হবে বিখ্যাত মার্কিন টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর জন্য।
এ বছর সিরিজটির সপ্তম মৌসুম প্রচারিত হবে ১৬ জুলাই থেকে, বরাবরের মতো এইচবিও চ্যানেলে। শুরু হতে পারত আরও আগেই। কিন্তু শুটিংয়ের জন্য সময় লেগেছে। খুব হিম আবহাওয়ায় দৃশ্য ধারণ করতে অপেক্ষা করতে হয়েছে শুটিং দলকে। তাই সম্পাদনাও পিছিয়ে পড়েছিল। তবে আরও দেরি করে প্রচার হতে পারে এর শেষ মৌসুমটি। এমনটা জানালেন এইচবিও প্রোগ্রামিং প্রেসিডেন্ট কেসি ব্লয়েস। তিনি জানান, ২০১৯ সালের আগে হয়তো শেষ মৌসুমটি প্রচার করা সম্ভব না। কারণ, শেষ মৌসুমে মাত্র ৬টি পর্ব থাকলেও এগুলো লিখতে ও সাজাতে সময় লাগবে নাটকের লেখক ডেভিড বেনোয়েফ ও ড্যানিয়াল ব্রেট উইসির।
কেসি বলেন, তাঁদের পর্বগুলো লিখতে হবে এবং প্রোডাকশনের সময় নির্ধারণ করতে হবে।’ আর শেষটা যেন ‘সেরা’ হয়, সে জন্য চাই তাঁদের বেশি সময়। হাফিংটন পোস্ট