'জিনি' উইল স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানিমেশন ছবি আলাদিন–এর জিনি
অ্যানিমেশন ছবি আলাদিন–এর জিনি

তিনবার চেরাগে ঘষলেই ‘হু হু হা হা’ করে তা থেকে বেরিয়ে আসবে বিশালদেহী এক দৈত্য। ভরাট কণ্ঠে জিজ্ঞেস করবে, ‘হে প্রভু, আপনার তিনটি ইচ্ছা কী?’

উইল স্মিথ
উইল স্মিথ

আলাদিনের সেই দৃশ্য নিশ্চয়ই ভাসছে চোখের সামনে? এবার কিন্তু তা বড় পর্দায় নিয়ে আসছে ডিজনি। তবে অ্যানিমেশন নয়, জলজ্যান্ত মানুষেরা অভিনয় করবেন আলাদিনছবিতে। নতুন ছবিতে কে হবেন ‘আলাদিন’, কে ‘জেসমিন’ আর কে হবে চেরাগের দৈত্য ‘জিনি’—এ নিয়ে কয়েক দিন ধরে চলছিল বিস্তর আলোচনা।

অবশেষে পাওয়া গেল আলাদিন ছবির মূল চরিত্রের শিল্পীদের। ডিজনির ফ্যান ক্লাব ডি টোয়েন্টিথ্রি আয়োজিত ‘ডি টোয়েন্টিথ্রি এক্সপো ২০১৭’-তে ঘোষণা দেওয়া হয়, এই ছবির মজার ‘জিনি’ চরিত্রটিতে অভিনয় করবেন হলিউড তারকা উইল স্মিথ। আলাদিন-এর ‘লাইভ অ্যাকশন’ ছবিটি নির্মাণ করবেন পরিচালক গাই রিচি। এর আগে ১৯৯২ সালে মুক্তি পাওয়া ডিজনির অ্যানিমেশন ছবি আলাদিন-এ জিনির চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস। এবার রবিন উইলিয়ামসের জায়গাটা নিয়ে নিলেন ‘হ্যানকক’ উইল স্মিথ।

স্মিথের সঙ্গে নতুন আলাদিন-এ ‘আলাদিন’ হয়ে অভিনয় করবেন কানাডানিবাসী অভিনেতা মেনা মাসউদ এবং জেসমিনের চরিত্রে থাকবেন ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী নওমি স্কট। অ্যানিমেশন আলাদিনদুটি অস্কার ঝুলিতে ভরেছিল মুক্তির বছর। দেখা যাক, এবার ‘জিনি’ স্মিথ এই ‘জ্যান্ত’ আলাদিনছবিকে কত দূর নিয়ে যান। ছবির শুটিং শুরু হবে আগস্টে। সূত্র: ওহ মাই ডিজনি, স্কাই নিউজ।