'জুরাসিক ওয়ার্ল্ড' তিনে

হলিউডের ছবির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল ছবির তকমা পেল ‘জুরাসিক ওয়ার্ল্ড’। হলিউডের ইতিহাসে এ যাবৎ কালের সবচেয়ে ব্যবসাসফল ছবি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। দ্বিতীয় স্থানে আছে একই পরিচালকের ‘টাইটানিক’। এবার এই দুই ছবির পাশে যুক্ত হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর নাম।
গত জুন মাসে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির ঝুলিতে এরই মধ্যে জমা পড়েছে ১.৫২ বিলিয়ন ডলার। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ভ্যারাইটি ডটকম।
এদিকে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির ব্যাপক সাফল্যের রেশ ধরে এর সিক্যুয়েল তৈরির ঘোষণা দিয়েছে ইউনিভার্সেল স্টুডিওস। মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির সিক্যুয়েলটি মুক্তি পাবে ২০১৮ সালের ২২ জুন। সিক্যুয়েলে থাকছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির দুই অভিনয়শিল্পী ক্রিস প্র্যাট ও ব্রাইস ডালাস। তবে পরিচালকের আসনে কে বসবেন তা নিশ্চিত নয়। নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন স্টিভেন স্পিলবার্গ। প্রযোজনা করবেন ফ্র্যাঙ্ক মার্শাল।
১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’ ছবি মুক্তির পর হইচই পড়ে যায়। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবিটিতে বিশাল আকৃতির সব ডাইনোসরের ধুন্ধুমার কীর্তিকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান দর্শক। ছবিটির ব্যাপক সাফল্যের রেশ ধরে এর দুটি সিক্যুয়েল ‘দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক’ এবং ‘জুরাসিক পার্ক ৩’ মুক্তি পায় যথাক্রমে ১৯৯৭ ও ২০০১ সালে।
সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক হিসেবে স্টিভেন স্পিলবার্গ দায়িত্ব পালন করলেও, তৃতীয় ছবিটি পরিচালনা করেন জো জনস্টোন। আর সিরিজের চতুর্থ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ পরিচালনা করেন মার্কিন নির্মাতা ও চিত্রনাট্যকার কলিন ট্রেভরো।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক’ ছবির সরাসরি সিক্যুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস, জেক জনসন, ইরফান খান প্রমুখ। মুক্তি পেয়েছে গত ১২ জুন।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন
আরও পড়ুন:
এবার ‘জুরাসিক ওয়ার্ল্ড’