'জে কে রাউলিং একজন চমৎকার নারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ-জে কে রাউলিং
জনি ডেপ-জে কে রাউলিং

‘হ্যারি পটার’ সিরিজের পর একই পটভূমির ওপর ভিত্তি করে জে কে রাউলিং লিখেছেন ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’। বইটিকে ভিত্তি করে এই নামেই গেল বছর নভেম্বরে মুক্তি পায় একটি চলচ্চিত্র। সেখানে ছবির শেষ দিকে হলিউড তারকা জনি ডেপের ‘গ্রিন্ডেলওয়াল্ড’ চরিত্রে আকস্মিক উদয় হওয়াটা অনেক ভক্ত-সমালোচকের পছন্দ হয়নি। কারণ, তখন খবর চাউর হয়েছিল, ডেপ তাঁর সাবেক স্ত্রী আম্বার হার্ডকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। আর এ কারণেই বিচ্ছেদ হয় তাঁদের। কিন্তু জে কে রাউলিং তৎক্ষণাৎ সাফ উত্তর দিয়ে দিয়েছিলেন, ‘জনি ডেপই এই চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত অভিনেতা। ব্যক্তিগত সমস্যা দিয়ে তো আর প্রতিভা মাপা যায় না।’

যাই হোক, এবার ঋণ শোধের পালা। ৫৩ বছর বয়সী জনি ডেপের নতুন ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর পঞ্চম কিস্তির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে চীনের সাংহাইয়ে গত ১১ মে। এমন মোক্ষম সুযোগ পেয়েই জনি প্রশংসা করলেন রাউলিং আর তাঁর গল্প ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’-এর। তিনি বলেন, ‘আমি ছবিতে ছিলাম। আমি নতুন নতুন ছবি পরখ করতে চাই। আমার ধারণা, এটা খুব চমৎকার গল্প। তিনি (জে কে রাউলিং) একজন চমৎকার নারী। তাই আমি ফ্যান্টাস্টিক বিস্টসের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
এমনিতেই সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, তার ওপর আবার অতিরিক্ত খরুচে তারকার খাতায় নাম লিখিয়েছেন জনি ডেপ। এ নিয়ে তাঁর ব্যবস্থাপকদের সঙ্গে মামলা চলছে। এর মধ্যেই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর পঞ্চম কিস্তি মুক্তি পাবে ২৬ মে। দেখা যাক, এই ছবি দিয়ে জনি ডেপের সম্প্রতি কুড়ানো বদনামগুলো ঘোচে কি না। হিন্দুস্তান টাইমস।