'জয়'-এর ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রি লারসন
ব্রি লারসন

প্রথমে যেন কী করবেন বুঝেই উঠতে পারছিলেন না। এ যেন কুয়োর ব্যাঙাচির মহাসমুদ্রে এসে পড়া! শুরুর চমকে যাওয়ার অনুভূতি থিতিয়ে যেতেই ভেঙে পড়লেন হু হু কান্নায়। এক ‘জয়’ চরিত্র দিয়েই ব্রি লারসনের জয়জয়কার চলছে। গোল্ডেন গ্লোব জিতেছেন। এবার জিতলেন ক্রিটিকস অ্যাওয়ার্ডও। দু-দুটি বড় ট্রফিতে চুমু এঁকে দেওয়ার পর ধারণা করা হচ্ছে, লারসন জিতবেন অস্কারও! অথচ এই তাঁকে কয়েক দিন আগে কজনই-বা চিনত!
বহুমুখী প্রতিভা যাকে বলে। অভিনয় জানেন। গানের অ্যালবাম বেরিয়েছে। দুটি শর্টফিল্মও বানিয়েছেন। কিন্তু লারসন ঠিক তারকা হয়ে ওঠেননি। এক রুম-এর ‘জয়’ চরিত্রটি অখ্যাতির আঁধার থেকে হুট করে ঝলমলে আলোতে নিয়ে এসেছে। অনভ্যস্ত বলেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী স্বীকার করলেন, অস্কার মনোনয়ন পেয়েছেন শোনার পর পাথুরে মূর্তিবৎ হয়ে গিয়েছিলেন। এরপরই কান্নার সমুদ্র!
অস্কারের মনোনয়ন ঘোষণাও দেখেছেন চুপি চুপি। একা। নিজের কম্পিউটারে। অস্কার নেওয়ার পর কী পরবেন, তা ঠিক করেছেন বলে জানালেন। কী বক্তব্য দেবেন ঠিক করেছেন কি? লারসন জানেন না আদৌ তাঁর নাম সোনালি খাম থেকে বেরোবে কি না। জানেন না আসলেই তিনি কী বলবেন। তবে তাঁর ভয়, সেবার হয়তো সবার সামনেই কেঁদে দেবেন, এত দিন যে কান্না ছিল একান্তই আপন আর গোপন! ই-অনলাইন।