'ডিজিটাল' হলেন উডি অ্যালেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডি অ্যালেন
উডি অ্যালেন

শেষপর্যন্ত সামনে এগিয়ে যাওয়ার জন্য, যুগের সঙ্গে কদম মিলিয়ে চলার জন্য সর্বশেষ প্রযুক্তি আর সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতেই হয়। একেই বলে যুগধর্ম। সেলুলয়েডে ছবির শুটিং রেখে এবারে তাই ডিজিটাল ছবি বানানোর দিকেই ঝুঁকেছেন অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেন। এই গুণী নির্মাতা তাঁর ৪৭ তম ছবিটি নির্মাণের জন্য ব্যবহার করেছেন সনির সিনেআলটা এফ ৬৫ ক্যামেরা। অ্যালেনের এই নাম ঠিক না হওয়া ছবিটিতে আছেন ব্ল্যাক লাইভলি, ক্রিস্টেন স্টুয়ার্টসহ আরও বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী।
উডি অ্যালেনকে ডিজিটাল ছবি নির্মাণের প্রতি আগ্রহী করে তোলার পেছনে যে মানুষটি কাজ করেছেন, তাঁর নাম ভিত্তোরিও স্টোরারো। তিনিই অ্যালেনকে ডিজিটাল ছবি নির্মাণের প্রতি আগ্রহী করে তোলেন। ভিত্তোরিও ‘অ্যাপোক্যালিপস নাউ’ ছবির (সিনেমাটোগ্রাফি) চিত্রগ্রাহক হিসেবে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন।
উডি অ্যালেনকে ডিজিটাল ছবি বানানোর বিষয়ে আগ্রহী করে তোলার প্রসঙ্গে স্টোরারো জানিয়েছেন, তিনি দেখেছেন সনির এফ ৬৫ ক্যামেরাটি দিয়ে ৪কে রেজ্যুলেশনে (চার হাজার পিক্সেল ফরম্যাট বা আলট্রা হাই ডেফিনেশন) এবং ১৬ বিট কালার ডেপথে অসাধারণ সুন্দর দৃশ্য ধারণ করা যায়। ভিত্তোরিও জানান, যখন এ বছর উডি অ্যালেন তাঁকে তাঁর নতুন ছবির সিনেমাটোগ্রাফির জন্য ডেকেছিলেন; সে সময়েই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, উডি অ্যালেনকে ডিজিটাল মাধ্যমে ছবি নির্মাণের জন্য বলবেন।
ভিত্তোরিও বলেন, আমার সিদ্ধান্ত নেওয়াই ছিল; বাকি ছিল শুধু এ বিষয়টির প্রতি উডি অ্যালেনকে আকৃষ্ট করার কাজটা। যাতে আমরা ডিজিটাল মাধ্যমের সহায়তায় ডিজিটাল পৃথিবীর দিকে একসঙ্গে যাত্রা করতে পারি।

অবশ্য, এর আগে এবারের কান চলচ্চিত্র উৎ​সবের সময় উডি অ্যালেন জানিয়েছিলেন, তিনি তাঁর পরবর্তী ছবিটি নির্মাণের সময় ডিজিটাল মাধ্যমে কাজ শুরু করতে পারেন।
এদিকে, গত বুধবার ইলেকট্রনিক প্রযুক্তিপণ্য ও ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনি তাঁদের যুক্তরাজ্য অফিসের মাধ্যমে ঘোষণা দিয়েছে, উডি অ্যালেন এবং স্টোরারো ৪কে প্রযুক্তি (চার হাজার পিক্সল ফরম্যাট) বা আলট্রা হাই ডেফিনেশন স্ট্যান্ডার্ডে তাঁদের সর্বশেষ ছবিটি ‘মাস্টার’ করবেন।
অস্কারজয়ী মার্কিন নির্মাতা উডি অ্যালেনের জীবনের অধিকাংশ সময় কেটেছে তাঁর প্রিয় শহর নিউ ইয়র্কে। প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্য লেখা ও পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন। উডি অ্যালেনের ‘মিডনাইট ইন প্যারিস’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এ ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কারের পাশাপাশি অস্কার পুরস্কারও জিতেছিলেন ৭৯ বছর বয়সী প্রখ্যাত এ নির্মাতা। উডি অ্যালেন ২০১৪ সালে পেয়েছেন গোল্ডেন গ্লোবের বিশেষ সম্মাননা ‘সেসিল বি ডিমিলে’​।