'ডেডপুল'-এ রাজ কাপুরের গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডেডপুল’ ছবির একটি দৃশ্য
‘ডেডপুল’ ছবির একটি দৃশ্য

২০১৬ সালের বহুল প্রতিক্ষীত ছবির তালিকায় ‘ডেডপুল’-এর নাম সবচেয়ে এগিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। তবে ছবি মুক্তির আগে মার্ভেল কমিকের জনপ্রিয় এ অতিমানবকে নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে ‘ডেডপুল’ ছবিটি ভারতের দর্শকদের কাছে হয়ে উঠেছে দারুণ প্রিয়। কারণ এতে নাকি শোনা যাবে বলিউড কিংবদন্তি রাজ কাপুর অভিনীত ‘শ্রী ৪২০’ ছবির কালজয়ী একটি গান।

হ্যাঁ, ভারতীয় কিছু গণমাধ্যম এমন খবরই দিচ্ছে। ‘ডেডপুল’ ছবির শুরু দিকের একটি দৃশ্যে নাকি ‘শ্রী ৪২০’ ছবির ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটি বাজবে আবহসংগীত হিসেবে। তবে ছবি-সংশ্লিষ্টরা এ বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ছবির শুরুর দিকের একটি দৃশ্যে দেখা যাবে যুক্তরাষ্ট্রের একটি শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছে একটি ট্যাক্সিক্যাব। সেই ট্যাক্সিতেই বাজছে হিন্দি গানটি। ব্যাস, এটুকুই! আর এ নিয়ে এখন ভারতের সুপারহিরো সিনেমাপ্রেমীদের আনন্দের কমতি নেই।
তবে বাংলাদেশের ‘ডেডপুল’ ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই ঢাকার মাল্টিপ্লেক্সেও আসছে এ ছবি, এমন খবর জানা গেছে কিছু মাল্টিপ্লেক্স থেকে।