'দ্য এক্সরসিস্ট'-এর অস্কারজয়ী লেখক উইলিয়াম আর নেই

পৃথিবীর সবচেয়ে ভৌতিক ছবিগুলোর একটি ‘দ্য এক্সরসিস্ট’। তা না হলে কি অস্কার জয় করতে পারত? সেই কালজয়ী চলচিত্রের চিত্রনাট্যকার উইলিয়াম পিটার ব্ল্যাটি পৃথিবী ছেড়ে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৭১ সালে ‘দ্য এক্সরসিস্ট’ উপন্যাস প্রকাশ করার পর তা এতটাই জনপ্রিয় হয়েছিল যে ১৯৭৩ সালে সেই উপন্যাসের চিত্রনাট্য লিখতে হয়েছিল তাঁকে। তারপর সেরা চিত্রনাট্যের জন্য ঝুলিতে ভরলেন একাডেমি অ্যাওয়ার্ড। হয়ে যান অস্কারজয়ী লেখক। এরপর এই ছবির তৃতীয় সিক্যুয়ালের চিত্রনাট্য লেখার পাশাপাশি সেটা পরিচালনাও করেছিলেন তিনি। এরপর আরও অসংখ্য ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন। কুড়িয়েছেন সুনাম, সুখ্যাতি।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ব্যাথেসডায় উইলিয়ামের বাসস্থানের অদূরে একটি হাসপাতালে বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘দ্য এক্সরসিস্ট’-এর পরিচালক উইলিয়াম ফ্রাইডকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেন।
উইলিয়াম পিটার ব্ল্যাটির স্ত্রী জুলি অ্যালিসিয়া উইটব্রোট জানান, তাঁর স্বামী ব্লাড ক্যানসারে ভুগছিলেন। ৮৯ তম জন্মদিনের ঠিক পাঁচ দিন পরেই মৃত্যু বরণ করেন ‘দ্য এক্সরসিস্ট’ লেখক।
ওয়াশিংটন পোস্ট