'দ্য ফেবারিট', 'রোমা' এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমা ছবির দৃশ্য
রোমা ছবির দৃশ্য

ঘোষণা করা হলো এবারের একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এ তালিকায় এগিয়ে আছে ইয়োরগস ল্যানথিমস পরিচালিত ‘দ্য ফেবারিট’ ও আলফনসো কুয়ারন পরিচালিত ‘রোমা’। দুটি ছবিই পেয়েছে ১০টি করে মনোনয়ন। তবে সর্বাধিক মনোনয়ন পাওয়া ছবির চেয়েও এ বছর আলোচনা শুরু হয়েছে হলিউডের বাণিজ্যিক ছবিগুলোর এগিয়ে থাকা নিয়ে। ব্যবসায়িকভাবে সফল ‘আ স্টার ইজ বর্ন’ ও ‘ব্ল্যাক প্যান্থার’ এ বছর পেছনে ফেলেছে অনেক চলচ্চিত্রবোদ্ধার পছন্দের বিকল্পধারার ছবিকে।

সংগীতশিল্পী লেডি গাগা অভিনীত ‘আ স্টার ইজ বর্ন’ ছবিটি পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন, আটটি। একই অবস্থানে আছে ক্রিশ্চিয়ান বেল অভিনীত ‘ভাইস’ ছবিটি। এরপরই অবস্থান গত বছরের সবচেয়ে ব্যবসাসফল হলিউড ছবি ‘ব্ল্যাক প্যান্থার’-এর। এটি পেয়েছে সাতটি বিভাগে মনোনয়ন। একটা ধারণা অনেকের মনেই গেঁথে ছিল এত দিন, অস্কারে মনোনয়ন পাওয়া ছবিগুলোর ব্যাপারে মনোনয়নের আগে কেউই জানে না। কিন্তু এবার ধারা বদলে গেল। ৯১ তম একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়নে বিকল্পধারার ছবির পাশাপাশি গতানুগতিক ধারার বাণিজ্যিকভাবে সফল ছবিও সমানভাবে গুরুত্ব পেল।

লেডি গাগা
লেডি গাগা

তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ শোনা গেছে দুটি ছবির পিছিয়ে থাকা নিয়ে। একটি ‘দ্য গ্রিন বুক’ ও অন্যটি ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। দুটি ছবিই এ মাসে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব পুরস্কার আসর মাত করেছিল সর্বোচ্চ পুরস্কার জিতে। তাই বোদ্ধারা পূর্বাভাস দিয়েছিলেন, অস্কারেও এদের দুর্দান্ত দাপট থাকবে। কিন্তু মনোনয়ন তো আর তেমনটি বলল না। দুটি ছবিই পাঁচটি করে মনোনয়ন পেয়েছে। এখন অপেক্ষা করতে হবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, তাহলে এগিয়ে থাকা ছবিগুলোকে অস্কার আসরে পেছনেও ফেলতে পারে এই ছবিগুলো। কারণ, অস্কার ইতিহাস বারবারই বলে, ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে’। তাই আপাতত মনোনয়ন পিছিয়ে থাকলেও আক্ষেপের কিছু নেই। হিসাব পাল্টে যেতে পারে ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের চূড়ান্ত অস্কার রাতে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় অস্কার আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের কার্যালয়ে মনোনয়ন ঘোষণা করা হয়। এ আয়োজন সঞ্চালনা করেন চিত্রনাট্যকার কুমাইল নানজিয়ানি ও অভিনেত্রী-পরিচালক ট্রেসি এলিস রস। তাঁরা দুজনে মিলে দুই ভাগে ২৪টি বিভাগের মনোনীতদের নাম ঘোষণা করেন।