'দ্য রক' আসছেন ঢাকার প্রেক্ষাগৃহে

রেসলিং রিং ছেড়ে হলিউডে নাম লেখানো অভিনেতা ডোয়াইন জনসন এখনো সবার কাছে ‘দ্য রক’ নামেই পরিচিত। দর্শকদের কাছে ‘দ্য রক’ মানেই অন্যরকম এক উন্মাদনা আর দম বন্ধ করা সব অ্যাকশন। রেসলিংয়ের মাঠ যেমন কাঁপিয়েছেন তেমনি কাঁপিয়ে চলছেন সিনেমার পর্দা। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও পর্দায় হাজির হয়েছেন তিনি। তাঁর এবারের ছবির নাম ‘স্যান আন্দ্রেয়াস’। ব্র্যাড পেটন পরিচালিত ছবিটি গত ২৯ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ঢাকার দর্শকদের জন্য আগামী ৫ জুন ছবিটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড ও বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ তেমনটাই জানালেন।
‘স্যান আন্দ্রেয়াস’ ছবিতে ডোয়াইন জনসনকে দেখা যাবে ভয়াবহ ভূমিকম্পের মধ্য থেকে মেয়েকে বাঁচাতে দুঃসাহসিক অভিযানে নামা এক বাবার চরিত্রে।

‘স্যান আন্দ্রেয়াস’ ছবিতে দেখা যাবে, লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর উদ্ধারকাজে নিয়োজিত আছেন বিশেষজ্ঞ পাইলট রে গেইন্স (ডোয়াইন জনসন)। স্ত্রী এমার সঙ্গে তাঁর অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। হঠাৎ ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে পুরো ক্যালিফোর্নিয়ায়। রে ও এমার মেয়ে ব্লেক তখন সানফ্রান্সিসকোতে বন্ধুর বাড়িতে। প্রিয় কন্যাকে উদ্ধার করতে অসম এক পরিস্থিতির সম্মুখীন হয় রে ও এমা। ভয়াবহ ভূমিকম্পে পুরো ক্যালিফোর্নিয়া রাজ্য ধ্বংসের পথে। একে একে ধসে পড়ছে সুউচ্চ ভবন। মাটিতে দেখা দিচ্ছে বিশাল আকারের ফাটল। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে পুরো শহর। এমনি এক পরিস্থিতিতে নিজের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে দুঃসাহসিক অভিযানে নামেন বাবা। যিনি পেশায় একজন রেসকিউ চপারের পাইলট। এভাবেই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় স্যান আন্দ্রেয়াস ছবির গল্প।
স্যান আন্দ্রেয়াস ছবিতে বাবার চরিত্রে ডোয়াইন জনসন। আর মেয়ে ব্লেকের চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্দ্রা ডাডারিও। আরও অভিনয় করেছেন কলটন হেইন্স, ইওয়ান গ্রাফাড, কার্লা গুজিনোসহ আরও অনেকে।
নিউ লাইন সিনেমা, ফ্লাইন পিকচার্স কোম্পানি ও ভিলেজ রোডশো পিকচার্সের যৌথ প্রযোজনায় এবং ওয়ার্নার ব্রস পিকচার্সের পরিবেশনায় ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় দশ কোটি মার্কিন ডলার। মুক্তির পর থেকে বক্স অফিস সাফল্যের দৌড়ে ভালোভাবেই এগিয়ে চলেছে ছবিটি।
https://youtu.be/yftHosO0eUoR
https://youtu.be/6jX2omzfWsAR