'নতুন' অস্কার পাচ্ছেন লিও!

সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ‘দুর্ভাগা’ লিওনার্দো ডি’ক্যাপ্রিওকে নিয়ে হাসি-তামাশা কম হচ্ছে না। অস্কার আসরের দিন যত ঘনিয়ে আসছে, হাসি-ঠাট্টার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা আর কৌতূহলও। এবার তো শুধু আর ভক্তরা নয়, চলচ্চিত্রপ্রেমীদেরও অনেকে বলছে- ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য এ যাত্রায় যেন অস্কারটা জেতেন। তা না হলে আবারও সেই ঠাট্টা, তামাশা, উপহাস সইতে হবে বেচারা লিওকে। কিন্তু অস্কার আসর তো বসবে সেই ২৮ ফেব্রুয়ারি। অপেক্ষার প্রহর কাটতে এখনো অনেক দেরি। তাই লিওনার্দো ডি’ক্যাপ্রিও ভক্তরা অস্কার বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। আসল অস্কার যদি এবার লিওনার্দো না-ও জেতেন অসুবিধা নেই। তাঁর একদল রাশিয়ান ভক্ত নিজেদের ঘরের স্বর্ণ আর রুপার অলংকার গলিয়ে তা দিয়ে তৈরি করছেন ‘নতুন’ অস্কার মূর্তি, যা ভক্তরাই তুলে দেবেন এই ‘দুর্ভাগা’ অভিনেতার হাতে!
রাশিয়ান লিওনার্দো ডি’ক্যাপ্রিও ভক্ত তাতিয়ান ইয়েগোরোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অস্কার ফর লিও’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেন। এতে অংশ নেয় লিওনার্দোর সব পাগল ভক্তরা। তাতিয়ান রাশিয়ার গণমাধ্যমকে জানান, তাঁর ক্যাম্পেইনে অংশ নিয়ে ১০০ জন লিওনার্দোভক্ত প্রিয় নায়কের জন্য ‘নতুন’ অস্কার তৈরিতে স্বর্ণ ও রুপা দান করেছে। সেটা দিয়েই তৈরি হচ্ছে একটি নতুন অস্কার মূর্তি। তিনি আরও জানান, ১২ ইঞ্চি লম্বা অস্কার মূর্তিটি মূলত তৈরি হবে রুপা দিয়ে। তাঁর ওপর দেওয়া হবে স্বর্ণের প্রলেপ। তাঁদের বানানো অস্কার মূর্তিটির নকশা মূল অস্কার মূর্তি থেকে হবে একটু ভিন্ন। আসল অস্কার মূর্তি যেখানে হাতে তলোয়ার নিয়ে মাথা নিচু করে থাকে, সেখানে ভক্তদের তৈরি মূর্তিটির শির আকাশের দিয়ে তাকিয়ে থাকবে।
তবে তাতিয়ান ও তাঁর ক্যাম্পেইনে অংশ নেওয়া লিওভক্তরা এখনো জানেন না প্রিয় নায়কের হাতে কি করে এই ‘নতুন’ অস্কার তাঁরা পৌঁছে দেবেন। তাতিয়ান বলেন, “লিওনার্দো ডি’ক্যাপ্রিও এখনো অস্কার জেতেননি, এটা খুবই হতাশাজনক বিষয়। ভক্তদের পক্ষ থেকে তাঁকে অস্কার দেওয়ার এই পরিকল্পনাটি অনেক আগের। ‘দ্য রেভেন্যান্ট’ দেখে মনে হলো সত্যিকারের অস্কারের পাশাপাশি ভক্তদের এই ভালোবাসার অস্কারও তাঁর এ বছরই পাওয়া উচিত। এ জন্যই এ পদক্ষেপ নেওয়া। তবে আমরা এখনো নিশ্চিত নই কেমন করে এটি তাঁর হাতে পৌঁছানো যায়। আমরা বিষয়টি নিয়ে ভাবছি। খুব শিগগিরই হয়তো একটি পথ পেয়েও যাব।’
এ পর্যন্ত ছয় বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও। কিন্তু কোনোবারই ভাগ্য সুপ্রসন্ন হয়নি তাঁর ওপর। ধারণা করা হচ্ছে, এ বছর মনোনয়ন পাওয়ার দিক থেকে অস্কারে এগিয়ে থাকা ইনাররিতু পরিচালিত ‘দ্য রেভেন্যান্ট’ দিয়ে তাঁর জীবনের প্রথম অস্কার জেতার সম্ভাবনা রয়েছে। কারণ এরই মধ্যে এ অভিনেতা জিতে নিয়েছেন সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ড। তাই এখন অপেক্ষার পালা লিওনার্দো ডি’ক্যাপ্রিও ভক্তদের। দেখা যাক, এ যাত্রায় তাঁদের প্রিয় নায়ক কি সত্যিকারের অস্কার জেতেন, নাকি ভক্তদের ভালোবাসায় গড়া অস্কার নিয়েই তাঁকে খুশি থাকতে হয়। ম্যাশবল।