'পতনশীল' জেনিফার লরেন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্সের জন্য পড়ে যাওয়ার বিষয়টা এখন এক স্বাভাবিক ঘটনা
জেনিফার লরেন্সের জন্য পড়ে যাওয়ার বিষয়টা এখন এক স্বাভাবিক ঘটনা

মানুষের কত ধরনের অভ্যাসই না থাকে! কেউ ঘুম থেকে ওঠেন কাকডাকা ভোরে, কেউবা অল্প খেয়ে অভ্যস্ত। কারও অভ্যাস থাকে দাঁত দিয়ে নখ কাটার। কতই না বিচিত্র সব অভ্যাস। হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও বোধ হয় এমনই এক বিচিত্র বিষয়ে অভ্যস্ত হয়ে গেছেন। সেটা পড়ে যাওয়ার ক্ষেত্রে। ‘পতনশীল’ বিবেচনায় তিনি এক জ্বলজ্বলে উদাহরণই বটে। জ্বলজ্বলে বলার কারণ হচ্ছে, সম্প্রতি আবারও এক ছবির প্রিমিয়ারের অনুষ্ঠানে রেড কার্পেটে পড়ে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
স্পেনের মাদ্রিদে তাঁর নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট টু’র প্রিমিয়ারে রেড কার্পেটে হাঁটার সময় পড়ে যান লরেন্স। তাঁর পড়ে যাওয়াটা অবশ্য এখন আর খবর নয়। বরং বারবার একই ধরনের অনুষ্ঠানে পড়ে গিয়ে তিনি পড়ে যাওয়ার খবরেই যেন অভ্যস্ত হয়ে​ গেছেন। এটাই নতুন খবর।
ঘটনা হচ্ছে— মাদ্রিদে এবারের অনুষ্ঠানে জমকালো দীর্ঘ এক কালো রঙের জামা পরে মঞ্চে ওঠার জন্য সিঁড়ি ভাঙতে গিয়েই ঘটেছে যত বিপত্তি। উঁচু হিল আর সিঁড়ির ধাপের মেলবন্ধন সম্ভবত ঠিক হয়নি। তারপরই লরেন্সের পতন। তাঁর পড়ে যাওয়ার ভিডিওচিত্র অনলাইনে ছড়িয়ে পড়ে দ্রুত। সেখানে দেখা যাচ্ছে, লরেন্স তাঁর এক বন্ধুর হাত ধরে সামলে ওঠবার চেষ্টা করছেন।
২০১৪ ফুটবল বিশ্বকাপে প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে খবরে এসেছিলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। পরে শোনা গেল, সেই বিশ্বকাপে যে তাঁর কামড়-কাণ্ডের পুনরাবৃত্তি হবে তা নিয়ে নাকি বাজিকরদের মাঝে তুমুল বিতর্কের অবতারণা হয়েছিল। জেনিফার লরেন্সের ক্ষেত্রেও এখন ব্যাপারটা এমনই হয়ে দাঁড়িয়েছে। অস্কারই হোক আর নতুন কোনো সিনেমার প্রিমিয়ার, ‘তিনি কী এবারও পড়ে যাবেন’ শিরোনামের খবর হচ্ছে ঢের!
নিন্দুকেরা লিখছেন একটু ঘুরিয়ে। তাঁদের ভাষ্য, ইচ্ছা করেই পড়ছেন তিনি। অবশ্য কাউকে ঠিক একারণে দোষও দেওয়া যাচ্ছে না। ঘটনার পরে, ‘হাঙ্গার গেমস’-এর প্রযোজক নিনা জ্যাকবসন নিজেই এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সে তো (জেনিফার লরেন্স) এসবে অভ্যস্ত হয়ে গেছে!’ তাঁর বক্তব্যের স্বপক্ষে প্রমাণও কম নেই। একটু পেছনে ফিরে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
২০১৪ সালের অস্কারের লাল গালিচায় নিজের গাড়ি থেকে বের হতে গিয়েও একবার পপাতধরণীতল হয়েছিলেন লরেন্স! এর আগের ঘটনা, ২০১৩ সালের। সেবারের অস্কারে ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ তাঁর চরিত্রের জন্য লরেন্স পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আর সেবারও পুরস্কার নিতে মঞ্চে উঠতে গিয়ে প্রায় ঘটে গিয়েছিল ‘পতন’ বিপত্তি। অবশ্য, সে যাত্রা অল্পের ওপর দিয়েই পার পেয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।