'পতিভাগ্য' বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ ও তাঁর স্ত্রী অ্যাম্বার।
জনি ডেপ ও তাঁর স্ত্রী অ্যাম্বার।

একেই বোধ হয় বলে কপাল করে আসা। কপাল করেই এসেছিলেন ‘পাইরেটস’ তারকা জনি ডেপের স্ত্রী অ্যাম্বার। অস্ট্রেলিয়ায় এ বছরের শুরুর দিকে ঘটা জনি ডেপ দম্পতির পোষা কুকুর বিষয়ক জটিলতা এখন নিষ্পত্তির জন্য দেশটির আদালতে। অনেকেই বলছেন— এ মামলায় জেলও হতে পারে জনি ডেপের স্ত্রী অ্যাম্বারের। এদিকে, স্ত্রীর জেল হলে তাঁর পাশে থাকার জন্য দরকার হলে জেলেই যাবেন বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন এই ‘পাইরেটস’ অভিনেতা। পতিভাগ্য বটে অ্যাম্বারের!

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপের পোষা কুকুর বিষয়ক জটিলতার বিষয়টি শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে বলেই জানিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলার যে বর্তমান অবস্থা তাতে সামনে হয় জেল; নয়তো বড় অঙ্কের টাকা জরিমানাই গুনতে হবে ডেপের স্ত্রী অ্যাম্বারকে।

অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী সে সময় বিষয়টি নিয়ে বেজায় চটেছিলেন। আর এদিকে, জনি ডেপ বলেছেন— তাঁর স্ত্রী অ্যাম্বারের যদি জেল হয়; সে ক্ষেত্রে অ্যাম্বারের সঙ্গে জেলে থাকার জন্য তিনি অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন, এবং প্রয়োজনে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রীকে এমন কিছু করবেন; যার ফলে ডেপকেও অ্যাম্বারের সঙ্গে জেলে পাঠান তাঁরা।

জনি ডেপের পোষা দুই কুকুর; যাদের জন্য এত কাণ্ড!
জনি ডেপের পোষা দুই কুকুর; যাদের জন্য এত কাণ্ড!



এমনিতেও, অস্ট্রেলিয়ার কাস্টমস সংক্রান্ত নিয়মকানুন খুব কড়া। তার ওপর বিমানে বৈধ কাগজপত্র ছাড়াই পোষা কুকুর নিয়ে সে দেশে যাওয়া! বৈধ কাগজপত্র ছাড়া অস্ট্রেলিয়ায় কোনো প্রাণীই সঙ্গে নেওয়া নিষেধ। আর এর শাস্তিও অনেক কড়া। সমস্যার শুরু আসলে তখনই; যখন ডেপের স্ত্রী অ্যামবার হার্ড তাঁদের পোষা দুই কুকুর ‘পিস্তল’ আর ‘বো’কে নিয়ে অস্ট্রেলিয়ায় নেমেছিলেন। যার পরিণতিতে ডেপ পত্নী এখন দিন গুনছেন আদালতের রায়ের। অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সামনের মাসের দিকে এ মামলার রায় হতে পারে।

ডেপের কাছে প্রিয়তমা স্ত্রীর বিপদ তাঁরই বিপদ। মামলার রায় যাই হোক না কেন; স্ত্রীকে রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা করতেই প্রস্তুত তিনি।​

প্রসঙ্গত, ‘পাইরেটস’ তারকা জনি ডেপ যদিও বলে আসছেন অস্ট্রেলিয়ায় তাঁদের সঙ্গে পোষা কুকুর দুটি সঙ্গে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের সঙ্গে ছিল। কিন্তু দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র নাকি তারা সঙ্গে পায়নি। আর এ কারণেই এই বড় ঝামেলায় ফেঁসেছেন ডেপ। মিরর। পিটিআই।