'প্রিটি ওম্যান' নির্মাতার প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারি মার্শাল
গ্যারি মার্শাল

একটি মাত্র ছবি দিয়েই নির্মাতা গ্যারি মার্শালকে খুব সহজে চেনা যায়। সেই ছবিটি হলো জুলিয়া রবার্টস আর রিচার্ড গিয়ার অভিনীত ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘প্রিটি ওম্যান’। গত মঙ্গলবার বিশ্ব মাতানো সেই অসাধারণ ছবির নির্মাতা গ্যারি মার্শাল ৮১ বছর বয়সে চলে গেলেন। নিউমোনিয়া ও পরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে।

.
.


শুধু ‘প্রিটি ওম্যান’ই নয়, গ্যারি বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন তাঁর আরও বেশ কয়েকটি সাড়া জাগানো হলিউড ছবির কারণে। এর মধ্যে রয়েছে ‘দ্য ফ্ল্যামিংগো কিড’ (১৯৮৪), ‘নাথিং ইন কমন’ (১৯৮৬), ‘বিচেস’ (১৯৮৮), ‘রানঅ্যাওয়ে ব্রাইড’ (১৯৯৯), ‘নেভার বিন কিসড’ (১৯৯৯) ও ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ (২০০১)। টেলিভিশনের জন্য ‘হ্যাপি ডেজ’সহ জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিকও নির্মাণ করেছিলেন তিনি।
গত বছরই এই নির্মাতাকে দীর্ঘ সময় পর তাঁর ‘প্রিটি ওম্যান’ ছবির শিল্পীদের সঙ্গে দেখা গিয়েছিল। ২০১৫ সালে তিনি বেশ ঘটা করেই উদ্‌যাপন করেছিলেন তাঁর সেই কালজয়ী ছবির ২৫ বছরপূর্তি। গ্যারির মৃত্যুতে শোক জানিয়েছেন ‘প্রিটি ওম্যান’ ও ‘রানঅ্যাওয়ে ব্রাইড’ ছবির অভিনেতা রিচার্ড গিয়ার, ‘ভ্যালেন্টাইনস ডে’ ছবির অভিনেত্রী জেসিকা অ্যালবাসহ হলিউডের অনেক তারকাই। হলিউড রিপোর্টস।