'পয়সা উশুল' নায়ক ক্রিস ইভানস

‘ক্যাপ্টেন আমেরিকা’ বাঁচালেন হলিউডকে! মান রক্ষা করলেন হলিউডে লগ্নিকারীদের। ফোর্বস সাময়িকীর হিসাবে ২০১৬ সালে আর্থিক দিক থেকে সবচেয়ে লাভজনক অভিনেতা ক্রিস ইভানস। গত বছরও তিনি এ খেতাবটি জিতেছিলেন। এবারও ঘটল পুনরাবৃত্তি। তিনি ধরে রাখলেন তাঁর অবস্থান।
ফোর্বস হিসাব কষে দেখেছে, অতিমানব ‘ক্যাপ্টেন আমেরিকা’-এর চরিত্রে অভিনয় করা ক্রিস ইভানসের পেছনে বিনিয়োগকারীরা ১ ডলার লগ্নি করে লাভ হিসেবে ফেরত পেয়েছেন ১৩৫ দশমিক ৮ মার্কিন ডলার। ক্রিস ইভানসের পরই এ তালিকায় রয়েছেন আরও এক মার্ভেল কমিকসের নায়ক ক্রিস প্যাট। তাঁর পেছনে ১ ডলার লগ্নি করে নির্মাতা ও প্রযোজকেরা লাভ করেছেন ১২৫ দশমিক ৪ মার্কিন ডলার। ক্রিসের গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ও জুরাসিক ওয়ার্ল্ড ছবির ব্যবসায়িক সাফল্যের পর থেকেই তিনি পেয়ে আসছেন এই ‘পয়সা উশুল’ নায়কের খেতাবটি। ফোর্বস সাময়িকী প্রতিটি হলিউড অভিনেতার মুক্তি পাওয়া সর্বশেষ তিনটি ছবির আয় হিসাব করেছে। সেই সঙ্গে তারা পর্যবেক্ষণ করেছে যে ছবিটি একাধারে দুই হাজার পর্দায় চলেছে কি না। একই তালিকায় ফোর্বস অভিনেত্রীদের নামও যুক্ত করেছে। সেখানে তিন নম্বর অবস্থান থেকে শুরু হয়েছে অভিনেত্রীদের পদচারণ। ‘ব্ল্যাক উইডো’ হিসেবে অনেকের কাছেই প্রিয় স্কারলেট জোহানসন আছেন সেই অবস্থানে। চারে আছেন আরেক অভিনেত্রী—মিলা কুনিস। সেরা পাঁচ শেষ হয়েছে অভিনেতা ভিন ডিজেলকে দিয়ে।
তাঁরা সেরা ১০ পর্যন্ত থাকা বাকি অভিনেতা-অভিনেত্রীদের নাম হলো জেনিফার অ্যানিস্টোন, বেন অ্যাফ্লেক, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ডেমন ও জেনিফার লরেন্স।