'ফাস্ট এইট'-এ থাকছেন পল ওয়াকার?

‘ফিউরিয়াস সেভেন’ ছবির কাজ চলার সময় সড়ক দুর্ঘটনার প্রাণ হারান এই ছবির অন্যতম তারকা পল ওয়াকার। তাঁর মৃত্যুর সংবাদে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ভক্তরা ভীষণ মুষড়ে পড়েছিলেন। পরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পল ওয়াকারকে নিয়েই অসমাপ্ত ছবিটি মুক্তি পায়। এই সিরিজের নতুন ছবি ‘ফাস্ট এইট’ এখন তৈরি হচ্ছে। আর পল ভক্তদের জন্য সুখবর হলো, এই সিরিজের নতুন ছবিতে আবার দেখা যাবে পল ওয়াকারকে! কী? চোখ কপালে উঠল? ভাবছেন, প্রয়াত তারকাকে দিয়ে কীভাবে অভিনয় করাবেন পরিচালক? খবর পাওয়া গেছে, কিছু বিশেষ প্রযুক্তি ও পলের দুই ভাইয়ের সহায়তায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অষ্টম কিস্তিতে আবারও দেখা যেতে পারে এই অভিনেতাকে।
এই ছবির প্রযোজক ও অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে নাকি এ বিষয়ে দীর্ঘক্ষণ ফোনালাপ হয়েছে পলের দুই ভাই সেলেব ও কোডি ওয়াকারের। পল ওয়াকারের মৃত্যুর পর এখন পর্যন্ত এই সিরিজের একটি ছবিই তৈরি হয়েছে। ডিজেল আগেই ঘোষণা দিয়েছিলেন, এরপর এই ছবির আর মাত্র দুটি কিস্তি তৈরি হবে। ‘ফাস্ট নাইন’ ২০১৯ সালে আর ‘ফাস্ট টেন’ মুক্তি দেওয়া হবে ২০২১ সালে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, দুটি ছবিতেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে পর্দায় পলকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দ্য হিন্দুস্থান টাইমস।