'বন্ড' ক্রেইগের প্রশংসায় মনিকা বেলুচ্চি

সম্প্রতি ‘স্পেকট্রা’ ছবির অভিনেত্রী মনিকা বেলুচ্চি এ ছবির ‘বন্ড’ ড্যানিয়েল ক্রেইগ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মনিকা জানিয়েছেন, এ ছবির অন্তরঙ্গ, ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয়ের সময় ক্রেইগ তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর ক্রেইগের কারণেই এসব দৃশ্যে অভিনয় করতে কোনো অস্বস্তি কিংবা কোনো বেগ পেতে হয়নি তাঁকে।
জেমস বন্ড সিরিজের ‘স্পেকট্রা’ ছবিতে ৫১ বছর বয়সী অভিনেত্রী মনিকা বেলুচ্চি ‘লুসিয়া’ নামের একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন।
মনিকা বেলুচ্চি বলেন, ‘একজন অভিনেতা ও মানুষ হিসেবে ড্যানিয়েল আসলেই অনেক উদার ও অসাধারণ। আর এ কারণেই আমি কখনো অভিনয়ের সময় কোনো অস্বস্তিতে পড়িনি।’
মনিকা এও জানান, যখন কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয় আসে সে সময় দুজনের সম্পর্ক ও অভিনয়ের রসায়ন— এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিষয়টিকে মনিকা ‘ট্যাঙ্গো’ নাচের সঙ্গে তুলনা করেন। ট্যাঙ্গো নাচের সময় নাচের পার্টনার বা সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার রসায়ন ভালো নাচের জন্য খুব গুরুত্বপূর্ণ।
নিজের বয়স প্রসঙ্গে কথা বলতে গিয়ে মনিকা জানান, তিনি মনে করেন না যে তাঁর অভিনীত সাম্প্রতিক চরিত্রগুলোর মিল কোনো কাকতাল। তিনি আরও জানিয়েছেন, ইদানীং যেসব চরিত্রে তিনি অভিনয় করছেন কিংবা যেসব চরিত্রে তাঁর অভিনয়ের সুযোগ হয়েছে, সেগুলো যেন অন্ধকার থেকে ক্রমশ আলোয় আসা চরিত্র। মনিকা এ প্রসঙ্গে শেষে বলেন, ‘বর্ষীয়ান হওয়ার বিষয়টা আমাকে নতুন এক স্বাধীনতা দিয়েছে।