'বন্ড' বেকহ্যাম দারুণ মানাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডেভিড বেকহ্যাম ও ড্যানিয়েল ক্রেইগ
এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডেভিড বেকহ্যাম ও ড্যানিয়েল ক্রেইগ

আচ্ছা, ডেভিড বেকহ্যাম যদি ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করেন; কেমন হয় তাহলে? ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম কিছুদিন আগে বন্ড চরিত্রে অভিনয়ে আগ্রহ প্রকাশ করার পরে অনেকেরই এমন ধারণা হয়েছিল। অনেকেই ভাবছিলেন, বোধ হয় সামনের কোনো জেমস বন্ড ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বেকহ্যাম। বিষয়টি নিয়ে বন্ড ছবি ‘স্পেকট্রা’র টাইটেল গানের গীতিকার সংগীতশিল্পী স্যাম স্মিথকে যখন প্রশ্ন করা হয়েছিল, কেমন হবে বেকহ্যাম যদি ‘বন্ড’ হন? উত্তরে স্যাম জানিয়েছিলেন, সেটা বেশ আকর্ষণীয় এক ব্যাপার হবে বলেই তো মনে হচ্ছে তাঁর!
‘স্টে উইথ মি’ গানের জন্য খ্যাত স্যাম স্মিথ বলেছেন—‘আমি যা বলব তা হচ্ছে; বিষয়টা আকর্ষণীয়ই হবে। তাঁকে ভালো মানাবে এটা নিশ্চিত। এরপর স্যাম তাঁর কথার সঙ্গে আরও যুক্ত করেন—‘বেকহ্যামকে স্যুটে দারুণ মানায়।’ আর কে না জানে বন্ড ছবিতে জেমস বন্ডকে প্রায়শই সব দুর্দান্ত স্যুট পরে কেতাদুরস্ত হয়েই পর্দায় হাজির হতে হয়।
ডেভিড বেকহ্যাম প্রসঙ্গে স্যাম স্মিথের কথা হচ্ছে—সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামকে জনপ্রিয় ‘স্পাই’ জেমস বন্ড হিসেবে পর্দায় দেখতে আকর্ষণীয়ই লাগবে। স্যাম বিশ্বাস করেন, বেকহ্যাম সুবেশ-সুঠাম-সুন্দর এক নায়ক হিসেবে চমৎকার মানাবেন।
এদিকে, খুব শিগগিরই বন্ড ছবির চুক্তি শেষ হতে যাচ্ছে বর্তমান বন্ড ড্যানিয়েল ক্রেইগের। এরই মধ্যে বন্ড ও বেকহ্যাম নিয়ে এই জোর আলোচনা যেন আগুনে ঘি ঢেলেছে। ডেভিড বেকহ্যাম কিছুদিন আগে বিখ্যাত পরিচালক গাই রিচির ‘কিং আর্থার’ ছবির একটি ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন। আর এ কারণেও অনেকেই ভাবছেন, হয়তো সামনের কোনো ‘বন্ড’ ছবিতে ডেভিড বেকহ্যাম অভিনয় করবেন।

পেশাদারি ফুটবলে দুর্দান্ত ক্যারিয়ার ডেভিড বেকহ্যামের। ১৯৯৩ সাল থেকে ৪টি দেশের লিগ ফুটবলে অংশ নিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। ৯৩ থেকে ২০০৩ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যমাঠের প্রধান যোদ্ধা ছিলেন ডেভিড বেকহ্যাম। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৬-০৭ মৌসুমে স্প্যানিশ লিগের শিরোপা জেতার গৌরব অর্জন করেন এই তারকা ফুটবলার।