'বাফটা'তেও বাজিমাত ডিক্যাপ্রিওর!

লন্ডনে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) এবারের আসরে বাজিমাত করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এই অভিনেতা।
আর যে ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন ডিক্যাপ্রিও, সেই ‘দ্য রেভন্যান্ট’ ছবিটি জিতেছে সেরা ছবির পুরস্কার। পাশাপাশি ‘রেভন্যান্ট’ নির্মাতা ইনারিতু জিতেছেন সেরা নির্মাতার পুরস্কার।
‘দ্য রেভন্যান্ট’ নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমি অভিভূত।’
তা ইনারিতু অভিভূত হতেই পারেন। ‘দ্য রেভন্যান্ট’-এর জয়রথ যে এগিয়েই চলছে। সম্ভবত এবারের অস্কারের আসরে পুরস্কার জিতেই থামবে এর জয়রথ। সেই সঙ্গে অধরা স্বপ্ন পূরণ হবে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর।
এবারের বাফটায় ব্রি লারসন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা সহ-অভিনেত্রী হয়েছেন কেট উইন্সলেট।
এর আগে ‘দ্য রেভন্যান্ট’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ৭৩তম গোল্ডেন গ্লোবের আসরে ‘ড্রামা’ বিভাগে সেরা অভিনেতার পুরস্কারটা ঘরে তুলেছেন হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
পুরস্কার ঘোষণার পর লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, ‘আমি বিমূঢ়, স্তম্ভিত, সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, এ আমার ধারণাতেই ছিল না।’
ডিক্যাপ্রিও তাঁর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সন্তান হিসেবে তাঁকে সহায়তা করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিক্যাপ্রিও জানান, তিনি ছোটবেলায় লস অ্যাঞ্জেলেসের যেখানে থাকতেন, পরিবেশ ভালো ছিল না সেখানকার। তাঁর মা প্রতিদিন তিন ঘণ্টা গাড়ি চালিয়ে তাঁকে নিয়ে যেতেন যেখানে ভালো সম্ভাবনা আছে—এমন এক পরিবেশে।
প্রসঙ্গত, এই রোববার লন্ডনে বাফটা পুরস্কারের আসরে ‘ম্যাডম্যাক্স’ ছবিটিও চারটি বিভাগে (ক্যাটাগরি) পুরস্কার জিতেছে। সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতেছে ‘ইনসাইড আউট’। সেরা তথ্যচিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ‘অ্যামি’।
এনডিটিভি।