
অস্কার আসরে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগটি নিয়ে বরাবরই থাকে বিশেষ আগ্রহ। কোন দেশে যাচ্ছে অস্কার, তা নিয়ে বছরজুড়ে থাকে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহল। কিন্তু এবারের অস্কার আসরের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগটি নিয়ে আলাদা উচ্ছ্বাস রয়েছে। কারণ, এবার এ বিভাগটির ৬০ বছরপূর্তি হতে চলছে। এ উপলক্ষে অস্কার আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের ওয়েবসাইটে এনেছে বিশেষ বদল। এ পর্যন্ত ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড’ জয়ী সব ছবির একটি গ্যালারি তৈরি করেছে তারা। সেখানে আছে অস্কারজয়ী ভিন দেশি ছবিগুলোর পোস্টার ও জয়ের পর নির্মাতাদের পুরস্কার গ্রহণের অনুভূতি।
১৯৫৬ সালে ২৯তম একাডেমি অ্যাওয়ার্ডে যুক্ত হয় ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড’ বিভাগটি। সেই বছর এ বিভাগে অস্কার জেতে ইতালির ছবি ‘লা স্ট্রাডা’।
আজ শুক্রবার সকালে একাডেমি কর্তৃপক্ষের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এ বিভাগের ৬০ বছরপূর্তির খবরটি। সেই সঙ্গে এবারের ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন দৌড়ে এগিয়ে যাওয়া নয়টি ছবির তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আছে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ইরান, নরওয়ে, রাশিয়া, সুইডেন ও সুইজারল্যান্ডের ছবি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিদেশি ভাষার ছবি বিভাগে ৮৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে একাডেমি সদস্য ও ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড এক্সিকিউটিভ কমিটি’-এর রায়ে নয়টি ছবির একটি তালিকা তৈরি হয়েছে। এবার সেখান থেকে আবারও ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন তালিকা তৈরি করা হবে।
আগামী ২৪ জানুয়ারি ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। মূল আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী ২৬ ফেব্রুয়ারি।