বেওয়াচে অভিনয় করছেন ডেভিড হ্যাসেলহফ!

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’ যাঁরাই দেখেছেন, এ সিরিজের সুদর্শন অভিনেতা ডেভিড হ্যাসেলহফ আর অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের কথা নিশ্চয়ই তাঁদের মনে আছে। বেওয়াচ সিরিজের কাহিনি নিয়ে নতুন করে ছবি নির্মিত হচ্ছে। এ ছবির নামও ‘বেওয়াচ’। এতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ‘দ্য রক’খ্যাত ডোয়ের জনসন। পামেলা অ্যান্ডারসন এ ছবিতে অভিনয় না করলেও সম্প্রতি ডোয়েন জনসন জানিয়েছেন, ডেভিড হ্যাসেলহফ নিশ্চিত করেছেন যে তিনি এ ছবিতে অভিনয় করবেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের এক ভিডিও পোস্টে জনসন জানিয়েছেন, তিনি মূল (অরিজিনাল বেওয়াচ সিরিজ) বেওয়াচ তারকা ডেভিড হ্যাসেলহফকে এ ছবিতে স্বাগত জানাচ্ছেন।
ইনস্টাগ্রামের ভিডিও পোস্টে ডেভিড হ্যাসেলহফকে জনসন প্রশ্ন করেছেন, ‘আমি জানি না পৃথিবী আমাদের দুজনকে একসঙ্গে দেখতে প্রস্তুত কি না। আপনি কি প্রস্তুত?’
এরই মধ্যে প্যারামাউন্টের ব্যানারে নির্মাতা শেথ গর্ডন কাজ শুরু করেছেন নতুন ‘বেওয়াচ’ ছবির। ক্যালিফোর্নিয়ার লাইফগার্ডদের ওপর নির্মিত ৯০ দশকের সেই বিখ্যাত টিভি সিরিয়ালের কাহিনি অবলম্বনে এ ছবির শুটিংয়ের কাজ শুরু হয়েছে মার্কিন মুলুকের ফ্লোরিডায়।
প্রিয়াঙ্কার পাশাপাশি ‘বেওয়াচ’ ছবিতে দেখা যাবে মডেল তারকা কেলি রোরবাখকে। কেলি অভিনয় করছেন ‘সি জে পারকার’ চরিত্রে। ১৯৯০ সালের ‘বেওয়াচ’ সিরিজে এই চরিত্রে অভিনয় করেছিলেন পামেলা। এ ছবিতে আরও অভিনয় করছেন জ্যাক অ্যাফ্রন ও অ্যালেকজান্ড্রা ড্যাড্ডারিও। আর এখন নতুন করে যুক্ত হলেন অভিনেতা ডেভিড হ্যাসেলহফ। ইন্দো এশিয়ান নিউজ।