'ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান'-এর দলে ওয়াহিদ ইবন্ রেজা!

হলিউডের এই সময়ের আলোচিত ছবি ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস-এ কাজ করেছেন বাংলাদেশের ছেলে ওয়াহিদ ইবন্ রেজা। না, তাঁকে দেখা যায়নি অতিমানবদের সঙ্গে। ওয়াহিদ কাজ করেছেন ক্যামেরার পেছনে, ভিজ্যুয়াল ইফেক্টস কো–অর্ডিনেটর হিসেবে। ২৫ মার্চ তিনি এসেছেন বাংলাদেশে। দেশে এসে নিজের ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান অভিজ্ঞতার কথা প্রথম আলোকে জানান তিনি।

কানাডার ভ্যানকুভারে থাকেন ওয়াহিদ ইবন্ রেজা। সেখানে মুভিং পিকচার কোম্পানি নামের একটি ভিজ্যুয়াল ইফেক্ট কোম্পানিতে কাজ করতেন তিনি। সেই প্রতিষ্ঠানই আরও তিনটি ভিজ্যুয়াল ইফেক্ট কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান-এর কারিগরি দিকের কাজগুলো করেছে। তবে সম্প্রতি এই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিয়েছেন ওয়াহিদ। তিনি এখন যোগ দিয়েছেন মেথড স্টুডিওস নামের একটি আন্তর্জাতিক ভিজ্যুয়াল ইফেক্ট কোম্পানিতে। এই প্রতিষ্ঠানটি সাধারণত মার্ভেল এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করে থাকে। ওয়াহিদ এ নিয়ে বললেন, ‘মার্ভেলের নতুন ছবি ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার-এর কাজ শেষ করে এলাম। এখান থেকে ফিরে গিয়ে শুরু হবে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ডক্টর স্ট্রেঞ্জ-এর কাজ।’
ওয়াহিদ ইবন্ রেজা জানান, তাঁদের কাজ মূলত ছবির বিভিন্ন দৃশ্যে ভিজ্যুয়াল ইফেক্টের প্রয়োগ করা। ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান-এ সেই কাজটিই করেছেন তিনি। তাঁর প্রতিষ্ঠানের প্রায় ২৫০ কর্মী এই ছবিতে ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করেছেন। ছবিতে ভিজ্যুয়াল ইফেক্টস কো–অর্ডিনেটর ছিলেন প্রায় ২০জন। এর আগে ওয়াহিদ যুক্ত ছিলেন নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টুম্ব, ফিউরিয়াস সেভেন ও ফিফটি শেডস অব গ্রে ছবির ভিজ্যুয়াল ইফেক্টের সঙ্গে।