'ব্যাটম্যান' হবেন না বেন?

মাত্র কিছুদিন আগে হলিউড তারকা বেন অ্যাফ্লেক পরবর্তী ‘ব্যাটম্যান’ ছবি পরিচালনা থেকে সরে এলেন। তাঁর পরিবর্তে ছবিটি পরিচালনা করবেন ম্যাট রিভস। কথা ছিল, পরিচালনা না করলেও এ সিরিজের ছবিতে ‘ব্যাটম্যান’ চরিত্রে ঠিকই অভিনয় করবেন তিনি। তবে এবার সেটাও নাকচ করে দিলেন বেন।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বেন আর কখনোই ব্যাটম্যান হবেন না। এর আগে বেন এক বিবৃতিতে বলেছিলেন, ‘এই চরিত্রটা করার জন্য আমার মনোযোগ, নিষ্ঠা এবং শ্রেষ্ঠ চেষ্টা দেওয়া প্রয়োজন।’ কিন্তু ‘ব্যাটম্যান’ চরিত্রে বেন অভিনীত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ও ডিসি কমিকসের ‘সুইসাইড স্কোয়াড’ ছবি দুটি বক্স অফিস মাত করলেও কুড়িয়েছে কঠোর সমালোচনা। তাই হয়তো বেন চাইছেন নিজেকে আরও একটু গুছিয়ে নিতে। এদিকে ওয়ার্নার ব্রাদার্স থেকে বলা হয়েছে, ‘বেন অ্যাফ্লেক কখনো ভুল করেন না।’ তবে এখন পর্যন্ত এ ব্যাপারে বেনের কোনো মন্তব্য জানা যায়নি। হিন্দুস্তান টাইমস।