'মমি' সিরিজের নতুন ছবিতে টম ক্রুজ

শিগগিরই ‘দ্য মমি’ সিরিজের আরেকটি নতুন ছবির কাজ শুরু হতে যাচ্ছে—এ খবর হলিউডের সংবাদমাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য এ আলোড়নের একমাত্র কারণ ‘দ্য মমি’ সিরিজের নতুন কিস্তির ছবিতে হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের অন্তর্ভুক্তি।
‘দ্য মমি’ ছবির নতুন কিস্তির ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তারকা অভিনেতা টম ক্রুজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজ নিজেই ‘দ্য মমি’ সিরিজের নতুন ছবির প্রধান চরিত্রে তাঁর অংশ নেওয়ার এই ঘোষণা দিয়েছেন। ইউনিভার্সাল পিকচার্সের এই ছবির নাম ‘রিবুট অব দ্য মমি’।
‘রিবুট অব দ্য মমি’ ছবির চিত্রনাট্য লিখেছেন ‘প্রমিথিউস’খ্যাত জন স্পেইটস। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন অ্যালেক্স কার্টজম্যান। ‘মমি’ সিরিজের এই ছবির কাহিনিতে নতুন সংযোজন হিসেবে এবারে থাকছে একটি নারী ‘মমি’ চরিত্র। এই ছবির খল চরিত্র বা ‘ভিলেন’ও এই নারী ‘মমি’।
ইউনিভার্সাল পিকচার্সের ‘ড্রাকুলা’ চরিত্রটি থেকে শুরু করে ‘ফ্রাংকেনস্টাইন’, ‘দ্য ইনভিজিবল ম্যান’, ভ্যাম্পায়ার হান্টার ‘ভ্যান হেলসিঙ্গ’ চরিত্রের সঙ্গে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘দ্য মমি’।
হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজ পঞ্চাশ পেরিয়েও সেরা অ্যাকশন তারকা হিসেবে নিজের অবস্থানটি ধরে রেখেছেন। ক্রুজ বর্তমানে ব্যস্ত আছেন ‘জ্যাক রিচার’ সিক্যুয়েলের শুটিং নিয়ে। এর পরপরই তিনি কাজ শুরু করবেন তাঁর ‘মিশন ইমপসিবল’ সিরিজের পরবর্তী ছবির জন্য। ‘মমি’ সিরিজের এ ছবিটি এই হলিউড তারকার অ্যাকশন ছবির তালিকায় নতুন আরেকটি সংযোজন হতে যাচ্ছে। ইন্দো-এশিয়ান নিউজ।