'মামি' আবার

‘দ্য মামি’ সিরিজের ভক্তদের অনেকের কাছেই হয়তো খবরটা পুরোনো। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া দ্য মামি নতুন করে বানানো হচ্ছে। এবার এতে অভিনয় করছেন টম ক্রুজ। সঙ্গে আছেন অ্যানাবেল ওয়ালিস। পুরোদমে শুটিং চলছে। ওয়ালিস সেই শুটিংয়েরই একটি ছবি টুইট করলেন সম্প্রতি।
৩১ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ছবির বর্ণনায় লিখেছেন, ‘আফ্রিকার নামিবিয়ায় দ্য মামি। এখানে আসতে পেরে দারুণ রোমাঞ্চিত।’ ছবিতে ক্রুজের পাশাপাশি জ্যাক জনসন আর কোর্টনি বি ভেন্সকেও দেখা যাচ্ছে। ভেন্সের পরনে সামরিক পোশাক। সামরিক সবুজ জ্যাকেট ক্রুজের পরনেও। কোনো একটা অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল সম্ভবত। মরুর বুকে শুটিং করতে গিয়ে যে সবার ঘাম ছুটে যাচ্ছে, শুকিয়ে যাওয়া চোখমুখগুলোই বলে দিচ্ছে। তবে শুধু ওয়ালিস নন, বাকিরাও রোমাঞ্চিত নিশ্চয়ই।
দ্য মামি ছবিটাই তো রোমাঞ্চকর। ফারাওদের যুগের এক হতভাগ্য রাজকন্যাকে নিয়ে ছবির গল্প। যে রাজকন্যা বহু বহু বছর পিরামিডের ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছে এই আধুনিক সময়ে। এ নিয়েই ছবির গল্প। সোফিয়া বতেলা অভিনয় করেছেন মামির চরিত্রে। রাসেল ক্রোও আছেন বিশেষ চরিত্রে। পরিচালনা করেছেন অ্যালেক্স কুর্টজমান। আগামী বছর জুনে মুক্তি পাবে দ্য মামি। ইনস্টাগ্রাম।