'মুক্তি পেলেই বুঝবেন, কি বানিয়েছে'

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’ নিয়ে দারুণ উচ্চাকাঙ্ক্ষী ছবির অভিনেতা ভিন ডিজেল। ছবির এ সিরিজটি এবার অস্কারও জিতে নিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এমনকি সিরিজের এই কিস্তিতে নিজের চরিত্রটির ভিন্নতা নিয়েও অতিরিক্ত রোমাঞ্চিত এই অভিনেতা।
দেখতে দেখতে সাতটি কিস্তি পার করল অ্যাকশনধর্মী এ ছবি। এবারে আসছে এর অষ্টম কিস্তি। এ নিয়ে বেশ রোমাঞ্চিত ছবির নায়ক ভিন ডিজেল। এক সাক্ষাৎকারে ডিজেল বলেছেন, ‘এবারের গল্পটা অন্যরকম। শুধু তাই না, বলতে হবে সব দিক থেকেই আলাদা এবারের ছবিটা। আমাকে দেখা যাবে নেতিবাচক একটি চরিত্রে। আগের পর্বগুলোর গল্পের সঙ্গে মিল রেখেই সেটা করা হয়েছে। ফলে এই নেতিবাচকতাও মেনে নেবেন দর্শক।’
নির্মাতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, ‘গ্যারি এমন জিনিস বানিয়েছে যে বলে বোঝানো যাবে না। তিনি তাঁর সেরা কাজটুকু দিয়েছেন। মুক্তি পেলেই বুঝবেন যে কি বানিয়েছেন তিনি। এমনকি অস্কারও পেয়ে বসতে পারে এ ছবি। আসলে অস্কারের কথা মাথায় রেখেই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’ বানানো হয়েছে।’
ডিসেম্বরে প্রকাশিত হবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’-এর ট্রেলার। টাইম স্কয়ারের প্রতিটি পর্দায় সেটা দেখানো হবে। আর ছবি মুক্তি পাবে আগামী বছরের ১৪ এপ্রিল। মিড ডে।