'র্যাম্বো' থেকে অবসরে যাচ্ছেন স্ট্যালন

হলিউডের ‘র্যাম্বো’খ্যাত ‘অ্যাকশন হিরো’ সিলভেস্টার স্ট্যালন সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো ‘র্যাম্বো’ ছবিতে দেখা যাবে না তাঁকে!
যদিও বছর খানেক ধরেই শোনা যাচ্ছিল, ‘র্যাম্বো’ সিরিজের পঞ্চম কিস্তির গল্প নিয়ে কাজ শুরু করেছেন স্ট্যালন। কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে, অবসরেই যাচ্ছেন ‘র্যাম্বো’।
সম্প্রতি, ভ্যারাইটি ডটকমকে স্ট্যালন জানিয়েছেন, ২০০৮ সালে ‘র্যাম্বো-৪’ যেখানে ছবিটাকে ছেড়ে গেছে, তাতেই তিনি সন্তুষ্ট। বয়স ৭০ ছুঁই ছুঁই করলে কী হবে, ‘অ্যাকশন হিরো’ সিলভেস্টার স্ট্যালন মনের দিক দিয়ে এখনো তরুণ। তিনি বলেন, ‘মন চাইলেও শরীর যে সায় দেয় না! সে বলে, বাড়িতেই থাকো! নইলে যোদ্ধারা যেমন শেষ একটা যুদ্ধ লড়তে যায় এবং পরাস্ত হয়, তোমার অবস্থাও তেমনটিই হবে!’
স্ট্যালন আরও বলেন, ‘অ্যাকশন ছবি হিসেবে বর্মিদের (মায়ানমারের জনগণ) ব্যাপারটি নিয়ে কাজ করতে পেরে আমি সন্তুষ্ট।’ তিনি বলেন, ‘গৃহযুদ্ধটা ভীষণ বর্বর ছিল। চরিত্রটা খুব মন দিয়ে করেছিলাম, কোনো ছাড় দিইনি চেষ্টায়। ছবিটি করার সময় বারবার ভেবেছিলাম, এটাই হবে এই সিরিজে এই চরিত্রে আমার শেষ অভিনয়।’
এ প্রসঙ্গে সিলভেস্টার স্ট্যালন বলেছেন, ‘লক্ষ্য অর্জিত হওয়ার পর আমি আর দ্বিতীয়বার কাজটি করার জন্য তেমন কোনো স্পৃহা পাইনি।’
‘র্যাম্বো’ সিরিজের প্রথম ছবিতে ১৯৮২ সালে প্রথম নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সিলভেস্টার স্ট্যালন। ২০০৮ সালে সিলভেস্টার স্ট্যালনের অভিনয় এবং পরিচালনায় ‘র্যাম্বো’ সিরিজের চতুর্থ ছবিটি মুক্তি পায়। এরপর এই সিরিজের সঙ্গে সম্পৃক্ততার খবর শোনা গেলেও এখন তা সঠিক নয় বলেই জানা গেছে। এমনকি, ‘র্যাম্বো’ টিভি সিরিয়ালের সঙ্গেও তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেই জানিয়েছেন এই অভিনেতা।
তবে নির্মাতা প্রতিষ্ঠান ‘ফক্স’-এর ব্যানারে ‘র্যাম্বো’-এর ছেলেকে নিয়ে কাজ করা প্রসঙ্গে স্ট্যালন বলেছেন, ‘আমি কারও দুর্নাম করতে চাই না, তবে আমার মনে হয়, কোনো চরিত্রের সন্তানকে সেই চরিত্রের জায়গায় বসানোর চেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি দেখেছি ‘টারজান’-এর ছেলে, ‘কিং কং’-এর ছেলে, ‘গডজিলা’-এর ছেলেকে। এটা খুবই কঠিন ও প্রায় অসম্ভব একটা বিষয়।’ টিএমজি। মিড ডে।