'স্টার ওয়ারস' অডিশনে টেকেননি স্ট্যালোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ‘স্টার ওয়ারস’ সিরিজের প্রথম ছবিতে হন সলো চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। কিন্তু চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলেন ‘র্যাম্বো’ তারকা সিলভেস্টার স্ট্যালোন। সম্প্রতি স্ট্যালোন নিজেই এ কথা জানিয়েছেন।
‘স্টার ওয়ারস’ ছবির নির্মাতা জর্জ লুকাসের সামনে অডিশন দেওয়ার জন্য একটি ঘরে প্রবেশ করেন স্ট্যালোন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, চরিত্রটিতে তিনি অভিনয় করতে পারবেন না। এক খবরে এমনটিই জানিয়েছে ফিমেলফার্স্ট ডটকম।
এ প্রসঙ্গে স্ট্যালোনের ভাষ্য, ‘১০০ জন মানুষকে দেখার পর আপনি এমনিতেই ক্লান্ত হয়ে পড়েন। আপনি চান, আপনার সামনে থাকা মানুষটি অদৃশ্য হয়ে যাক।’ স্ট্যালোন জানান, তাঁর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। তা ছাড়া স্ট্যালোনের চেহারাও নাকি চরিত্রটির সঙ্গে মানানসই ছিল না।