'হোম অ্যালন টু' ছবিতে ডোনাল্ড ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হোম অ্যালন টু’ ছবির একটি দৃশ্যে ম্যাকলি কালকিন ও ডোনাল্ড ট্রাম্প
‘হোম অ্যালন টু’ ছবির একটি দৃশ্যে ম্যাকলি কালকিন ও ডোনাল্ড ট্রাম্প

‘হোম অ্যালন’ সিরিজের সিনেমাগুলোর একটিও দেখেননি, এমন সিনেমাপ্রেমী দর্শক হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই ছবির বেশ কয়েকটি সিক্যুয়েল রয়েছে। সব কটিই ব্যবসায়িকভাবে সফল। এর মধ্যে ১৯৯২ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন টু’। ওই ছবিতে শিশুশিল্পী ম্যাকলি কালকিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল হোটেলে ঢুকে বেরোনোর পথ হারিয়ে ফেলে। পরে লবিতে এক লোকের সঙ্গে তাঁর দেখা হয়। আর সেই ব্যক্তিই তাঁকে বলে দেন কী করে এই লবি থেকে বের হতে হবে।

পথ দেখিয়ে দেওয়া সেই ব্যক্তিটির দিকে কি কেউ মন দিয়ে খেয়াল করেছেন? কে ছিলেন ওই ব্যক্তি, মনে আছে? তিনি আর কেউ নন, তিনি সদ্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যের শুটিং হয়েছিল নিউইয়র্কের প্লাজা হোটেলে। তখন বাস্তবেই ওই হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প।


শুধু এই ছবি নয়, আরও বেশ কয়েকটি ছবিতে ‘ক্যামিও’ বা বিশেষ চরিত্রে উপস্থিত হওয়ার অভিজ্ঞতা আছে নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টের। টিভি সিরিজ ও বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন মার্কিন এই ধনকুবের।

জনপ্রিয় টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’-তে একাধিকবার অতিথি হিসেবে দেখা গেছে ট্রাম্পকে। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ‘ঘোস্ট কান্ট ডু ইট’, ‘দ্য ন্যানি’, ‘দ্য লিটল রাসকেল’-এ।

১৯৯০ সালে পিৎ​জাহাটের একটি বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হলিউড রিপোর্টার।