ভাই ছবি যেন ভালো হয়...
মেরিল প্রথম আলো পুরস্কার–২০২৫ আয়োজনে তারকাদের কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। মূল মঞ্চে প্রবেশের শুরুতেই লালগালিচায় জমে যায় তারকাদের আড্ডা। তারকাদের সেসব টুকরা মজার গল্প নিয়ে এই আয়োজন। দেখুন প্রথম পর্ব–২
লালগালিচায় বাবা-ছেলে
বাবাকে নিয়ে গাড়ি থেকে নামেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। টিমের একজন তাঁকে ব্লেজার পরিয়ে দিতে আসেন। পরানোটা ঠিকঠাক হচ্ছিল না দেখে এগিয়ে আসেন অভিনেতার বাবা মাহবুবুর রহমান, নিজেই ছেলেকে পরিয়ে দেন ব্লেজার। এরপর বাবা–ছেলে হাঁটেন লালগালিচায়।
নায়িকার খোঁজে
লালগালিচায় এসেই অভিনেতা মুকিত জাকারিয়া কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন। পাশ থেকে একজন জিজ্ঞেস করলেন, ‘ভাই কাউকে খুঁজছেন?’ এই অভিনেতা মজা করে বললেন, ‘ভাই, সুন্দরী নায়িকা খুঁজছি। দেখি কেউ আছে কি না। তাঁর সঙ্গে ছবি তুলব। আমার সঙ্গে তো সুন্দরী নাই। একা কি ছবি তোলা যায়!’ পরে হেসে একাই অবশ্য দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে।
চাই ভালো ছবি
দূর থেকেই ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক্যামেরা ধরে ইশারা করতেই বললেন, ‘কোথায় দাঁড়াব?’ সে মতো দাঁড়িয়েও গেলেন। ছবি দেখে পছন্দ হলো না। আবার দাঁড়ালেন লালগালিচায় আর বললেন, ‘ভাই ছবি যেন ভালো হয়।’ পরে ফ্রেমবন্দী হওয়া ছবি দেখে খুশি হয়ে লালগালিচা ছাড়লেন।
যমজ ভাগনে
বাসায় যমজ সন্তান রেখে এসেছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ফ্রেমবন্দী হওয়ার ফাঁকে হেসে বললেন, ‘এরপর কিন্তু আর একা আসা যাবে না। এরপর আপনাদের ভাগনেরা আসবে। দুই দুষ্টুকে এই প্রোগ্রামে এনে ছেড়ে দিতে চাই। দেখব কী করে।’
‘আমি সিঙ্গেল’
লালগালিচার পাশে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলেন অভিনেত্রী মারিয়া শান্ত। কারও জন্য অপেক্ষা করছেন কি না, জিজ্ঞেস করতেই হেসে জানালেন, ‘কার জন্য অপেক্ষা করব, আমি তো সিঙ্গেল। কে আসবে? গাড়িতে পার্স রয়েছে। নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।’