কনসার্ট, গান, ওটিটিতে জমজমাট নববর্ষ

আজ বিকেলে পাবনার এডওয়ার্ড কলেজে কনসার্ট করবে নগরবাউল জেমস। ফাইল ছবি

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ ঘিরে দেশব্যাপী রয়েছে নানা আয়োজন। কনসার্টসহ নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ওটিটিতে মুক্তি পাবে নতুন সিনেমা। এখানে রইল পয়লা বৈশাখের তেমনই কিছু আয়োজনের খবর।

কনসার্ট
চৈত্রসংক্রান্তি-পয়লা বৈশাখ ঘিরে সপ্তাহজুড়েই বিভিন্ন আয়োজনে অংশ নেবে ব্যান্ডগুলো। আজ বিকেলে পাবনার এডওয়ার্ড কলেজে কনসার্ট করবে নগরবাউল জেমস। এর বাইরে আরও কয়েকটি করপোরেট শোতে অংশ নেবেন জেমস।
আজ ঢাকায় একাধিক কনসার্টে অংশ নেবে শিরোনামহীন। ব্যান্ডটি দুপুরে জাসাসের আয়োজনে রমনা পার্কে কনসার্ট করবে। সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড এক্সপো কনসার্টে অংশ নেবে। আগামীকাল বুধবার রাঙামাটিতে একটি বৈশাখী কনসার্টে অংশ নেবে তারা।

আজ ঢাকার একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করবে ওয়ারফেজ।
পয়লা বৈশাখ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে একক কনসার্ট করবে মেঘদল। ‘ঝোড়ো সময়ের গান’ শিরোনামের কনসার্টটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

পয়লা বৈশাখ সকাল ও দুপুরে ঢাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গাইবে চিরকুট। পরদিন ১৫ এপ্রিলও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যান্ডটির কনসার্ট রয়েছে।
চলতি মাসের প্রথম দিন থেকে টানা ১৮টি কনসার্ট করেছে অ্যাশেজ। পয়লা বৈশাখেও রয়েছে। আজ গাজীপুরে পারফর্ম করবে অ্যাশেজ। বৈশাখের দ্বিতীয় দিন ধানমন্ডি ও তৃতীয় দিন উত্তরায় তাদের কনসার্ট আছে।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যেরা
ছবি: ফেসবুক থেকে

পয়লা বৈশাখে বেলা তিনটায় রাজধানীর ১০০ ফুটের মাদানি অ্যাভিনিউয়ের কান্ট্রিসাইডে গাইবেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা।

গত রোববার থেকে রাজধানীর কামাল আতাতুর্ক পার্কে চলছে সাংস্কৃতিক উৎসব ‘লাল বৈশাখী’। এতে পরিবেশিত হচ্ছে গান, নাচসহ শিল্পকলার নানা পরিবেশনা।
বনানীর যাত্রাবিরতিতে ‘বৈশাখী উৎসব’–এর শেষ দিনে আজ সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন ফারহিন খান ও সেমন্তী মঞ্জুরী।

রেনেসাঁ ব্যান্ডের সদস্যরা
ব্যান্ডের সৌজন্যে

বৈশাখের গান
পয়লা বৈশাখে নতুন গান আনল রেনেসাঁ। ‘রং ওঠা দেয়াল’ শিরোনামের গানটি আজ প্রকাশ পাবে। শহীদ মাহমুদ জঙ্গীর কথায় সুর করেছেন ফোয়াদ নাসের বাবু আর কণ্ঠ দিয়েছেন পিলু খান। বৈশাখে নতুন গান আনছেন তরুণ সংগীতশিল্পী মাহতিম শাকিব।

আরও পড়ুন

‘আকাশ আমার ঘর’ শিরোনামের গানটির কথা লিখেছেন তানবীর সাজিব, সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস প্রযোজিত গানটি আজ জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। নির্মাণ করেছে আজব কারখানা।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের দৃশ্য
স্বপ্নদলের সৌজন্যে

‘চিত্রাঙ্গদা’র দুটি মঞ্চায়ন
বাংলা বর্ষবরণ উপলক্ষে ‘চিত্রাঙ্গদা’র দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্বপ্নদল। আজ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শনী দুটি হবে। গবেষণাগার নাট্যরীতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

ওটিটি
পয়লা বৈশাখ উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘চা গরম’। ১৩ এপ্রিল রাত ১২টা থেকে দর্শক এটি দেখতে পারছেন। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।
আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। যেখানে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।