ঈদে তিন দিনের ‘রাতাড্ডা উইথ তানভীর’, থাকছেন মম–দীপা–দোলা
ঈদে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বাড়তি আয়োজনের ভিড়ে এবারও আলাদা চমক নিয়ে আসছে পডকাস্ট ‘রাতাড্ডা উইথ তানভীর’। দীর্ঘ আট বছর ধরে প্রচারিত এই শো এবার ঈদ উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে, যেখানে থাকছেন শোবিজের তিন ভিন্ন অঙ্গনের তারকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদের দিন প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা বনলতা এক্সপ্রেস–এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী কথা বলেছেন ঈদের সিনেমা, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে।
ঈদের দ্বিতীয় দিনের পর্বে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারকে। ধারাবাহিক এটা আমাদেরই গল্প–এর এই অভিনেত্রী আলাপ করেছেন সামাজিক নাটকের বর্তমান ধারা, এর প্রয়োজনীয়তা এবং টেলিভিশন নাটকের পরিবর্তিত বাস্তবতা নিয়ে।
তৃতীয় দিনের পর্বে থাকছেন সংগীতশিল্পী দোলা রহমান। ‘চাঁদ মামা’, ‘মন দরিয়া’, ‘মিনতি’সহ একাধিক জনপ্রিয় গানের এই শিল্পী বর্তমান সংগীতধারা, টিকটক ও রিলস–সংস্কৃতির প্রভাব, নিজের রুচি এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন।
তিনটি পর্বই রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাগো এফএম ৯৪.৪–এ লাইভ প্রিমিয়ার হবে।
অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক তানভীর তারেক বলেন, ঈদের অনুষ্ঠান মানেই গৎবাঁধা প্রশ্নোত্তর নয়। দর্শক-শ্রোতাদের এই সময়ে বাড়তি সময় থাকে, তাই নানা প্রসঙ্গের দীর্ঘ আলাপই এখানে গুরুত্ব পায়। এতে অতিথিরাও স্বচ্ছন্দে কথা বলতে পারেন।
উদয় চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান মোহাম্মদ জুবায়ের।