বন্ধু থেকে শত্রু
‘তাকদীর’ দিয়েই প্রথম আলোচনায় এসেছিলেন সোহেল মণ্ডল। সেই ওয়েব সিরিজে প্রধান চরিত্র করেছিলেন চঞ্চল চৌধুরী। গল্পে এই দুই অভিনয়শিল্পীকে বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছিল। নতুন ওয়েব সিরিজে ‘বলি’তে এবার তাঁরা মুখোমুখি।
বন্ধু থেকে একেবারে মুখোমুখি...কথা শেষ করার আগেই হেসে ফেললেন সোহেল। বললেন, ‘আমরা এবার একদমই ভিন্ন প্রেক্ষাপটের গল্পে এক হচ্ছি। বন্ধু থেকে শত্রু (হাসি)। ঘটনাক্রমে আমাদের মুখোমুখি হতে হবে। চঞ্চল ভাইয়ের সঙ্গে এবারও পর্দায় উপস্থিতি দর্শক পছন্দ করবেন। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে সব সময়ই ভালো লাগে। ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি আগ্রহী থাকি।’
চঞ্চলের সঙ্গে সোহেলের পরিচয়টা ‘আয়নাবাজি’ সিনেমা শুটিংয়ের সময়। পরে ‘হাওয়া’ সিনেমায় শুটিং করেছেন তাঁরা। সেই সময় একসঙ্গে ৪০ দিনের মতো ছিলেন। তখন থেকেই চঞ্চলের সঙ্গে তাঁর সৌহার্দ্য। ‘প্রথম যখন কাজ করি তখন মনে হয়েছিল, চঞ্চল ভাই অন্য রকম মানুষ। যা হয় আরকি, ভেবেছিলাম, তারকাসুলভ ব্যাপারগুলো থাকবে। কিন্তু কাছ থেকে চঞ্চল ভাই অন্য রকম মানুষ। খুবই সহজ-সরল। তাঁর মধ্যে মেকি কোনো কিছু দেখিনি। শুটিংয়ে সব সময়ই সহযোগিতা করেছেন। আমার চরিত্রে ইনপুট দিয়ে দিতেন। ভাইয়ের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকি,’ বলেন সোহেল।
সমুদ্রের পারে ছেঁড়াদিয়া নামের একটি চর দখলের গল্পকে কেন্দ্র করে ওয়েব সিরিজটির গল্প। সেখানে নেই কোনো আইনের শাসন। বন্দুকের নল দিয়ে চলে চর দখলের লড়াই। সেই লড়াইয়ের গল্প নিয়েই ‘বলি’। পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। ডিসেম্বরে হইচইয়ে মুক্তি পাবে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সালাউদ্দিন লাভলু, সোহানা সাবা, ইরেশ যাকের, সাফা কবির, জিয়াউল হক পলাশ প্রমুখ।