মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’
পর্দায় তিনি ছিলেন ঠান্ডা মাথার, হিসাবি ও দূরদর্শী এক মাদকসম্রাট। রাজনীতিবিদদের সঙ্গে সখ্য, প্রশাসনের ভেতরে যোগাযোগ, প্রতিদ্বন্দ্বীদের নিয়ন্ত্রণ আর বিশাল মাদক সাম্রাজ্য—সবকিছুই যেন তাঁর হাতের মুঠোয়। চরিত্রটি এতটাই প্রভাবশালী যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’র অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন তিনি। অথচ এই চরিত্রের পেছনের মানুষটির জীবনের শেষ অধ্যায় কেটেছে কারাগারে।
তিনি মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো। মেক্সিকোর কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতাদের একজন। অপরাধজগতে পরিচিত ছিলেন ‘এল জেফে দে জেফেস’ নামে, যার অর্থ ‘বসদের বস’। দীর্ঘ ৩৭ বছর কারাবন্দী থাকার পর ১৫ নভেম্বর ৮০ বছর বয়সে মারা গেছেন তিনি। অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়।
গায়ার্দোর মৃত্যুর খবর প্রকাশের পর আবার আলোচনায় এসেছে নেটফ্লিক্সের ‘নারকোস: মেক্সিকো’। কারণ, বাস্তবের এই মাদকসম্রাটকে পর্দায় তুলে ধরেছিলেন মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা। ২০১৮ সালে সিরিজটির প্রথম মৌসুম মুক্তির পর দর্শকের কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠে গায়ার্দোর নাম। তাঁর উত্থান, মাদক সাম্রাজ্য প্রতিষ্ঠা, রাজনৈতিক যোগাযোগ, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংঘাত এবং শেষ পর্যন্ত পতনের গল্প হয়ে ওঠে সিরিজটির মূল আকর্ষণ।
একজন সাবেক পুলিশ কর্মকর্তা কীভাবে হয়ে উঠলেন মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক কারবারিদের একজন? কেন তাঁর জীবন নিয়ে সিরিজ নির্মাণ করতে আগ্রহী হলেন নির্মাতারা? আর দিয়েগো লুনা কীভাবে এমন একটি বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুললেন?
যে জীবন সিনেমার গল্পকেও হার মানায়
১৯৪৬ সালে মেক্সিকোর সিনালোয়া প্রদেশের কুলিয়াকানে জন্ম গায়ার্দোর। তাঁর জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। কর্মজীবনে তিনি যুক্ত ছিলেন পুলিশের সঙ্গে। পরে সিনালোয়ার গভর্নর লিওপোলদো সানচেজ সেলিসের দেহরক্ষী হিসেবেও কাজ করেন। কিন্তু এই চাকরির সুবাদে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যে যোগাযোগ তৈরি হয়েছিল, তা পরবর্তী সময়ে তাঁর অপরাধজগতের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সত্তরের দশকে মেক্সিকোর মাদক ব্যবসায় বড় পরিবর্তন আসছিল। যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা বাড়ছিল। কলম্বিয়ার মাদক ব্যবসায়ীরা নতুন নতুন পাচারপথ খুঁজছিলেন। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর সুযোগও তৈরি হচ্ছিল। এই পরিস্থিতি কাজে লাগান গায়ার্দো।
তখন মাদক ব্যবসা পরিচালিত হতো ছোট ছোট গোষ্ঠীর মাধ্যমে। প্রত্যেকের ছিল আলাদা এলাকা ও নিজস্ব যোগাযোগব্যবস্থা। গায়ার্দো বুঝতে পেরেছিলেন, বিচ্ছিন্নভাবে ব্যবসা করার চেয়ে সবাইকে একটি বড় নেটওয়ার্কের আওতায় আনতে পারলে নিয়ন্ত্রণ ও মুনাফা—দুটিই বাড়বে।
এ ভাবনা থেকেই গায়ার্দোর সঙ্গে যুক্ত হন রাফায়েল কারো কুইন্তেরো ও আর্নেস্তো ফনসেকা কারিলো, যিনি ‘দন নেতো’ নামে পরিচিত। তাঁদের হাত ধরে গড়ে ওঠে গুয়াদালাহারা কার্টেল। অল্প সময়ের মধ্যেই এটি মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাদক পাচারকারী সংগঠনগুলোর একটিতে পরিণত হয়।
গায়ার্দোর নেতৃত্বে মাদক ব্যবসার পরিধি শুধু মেক্সিকোয় সীমাবদ্ধ থাকেনি। কলম্বিয়ার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। বিশেষ করে পাবলো এসকোবারের মেডেলিন কার্টেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি তাঁর অপরাধ সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঘুষ, রাজনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন পাচারপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন তাঁরা।
এভাবেই গায়ার্দো হয়ে ওঠেন ‘বস অব বসেস’। তাঁর প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে মেক্সিকোর মাদক ব্যবসার বড় সিদ্ধান্তগুলোর সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ত।
বাস্তবের গল্প যখন নেটফ্লিক্সের পর্দায়
গায়ার্দোর জীবন নিয়ে নির্মিত ‘নারকোস: মেক্সিকো’ মূলত নেটফ্লিক্সের জনপ্রিয় ‘নারকোস’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অধ্যায়। এর আগে ‘নারকোস’ সিরিজে কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবারের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছিল। সেই সিরিজের সাফল্যের পর নির্মাতারা নজর দেন মেক্সিকোর মাদক সাম্রাজ্যের দিকে।
২০১৮ সালের নভেম্বরে মুক্তি পায় ‘নারকোস: মেক্সিকো’র প্রথম মৌসুম। এতে উঠে আসে সত্তর ও আশির দশকে গুয়াদালাহারা কার্টেলের উত্থান। গল্পের কেন্দ্রে ছিলেন গায়ার্দো। তাঁর চরিত্রে অভিনয় করেন দিয়েগো লুনা। মেক্সিকোর এই অভিনেতাকে এর আগে ‘রোগ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি’সহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রে দেখা গেছে।
সিরিজটির গল্প শুরু হয় মেক্সিকোর মাদক ব্যবসার বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে। কীভাবে গায়ার্দো তাদের একত্র করেন, কীভাবে রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করেন এবং কীভাবে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বড় নেটওয়ার্ক তৈরি করেন—প্রথম মৌসুমে সেসবই উঠে আসে।
তবে নির্মাতারা শুধু গায়ার্দোর ক্ষমতার গল্প বলেননি। পাশাপাশি দেখিয়েছেন, তাঁর সাম্রাজ্যের বিরুদ্ধে কীভাবে কাজ করছিলেন ডিইএর কর্মকর্তা কিকি কামারেনা। মাদক ব্যবসার বিরুদ্ধে তাঁর অভিযান, কার্টেলের সঙ্গে সংঘাত এবং শেষ পর্যন্ত অপহরণ ও হত্যার ঘটনাও সিরিজের গুরুত্বপূর্ণ অংশ।
২০২০ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় মৌসুমে গল্প আরও অন্ধকার হয়ে ওঠে। কামারেনা হত্যাকাণ্ডের পর তদন্ত, কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গায়ার্দোর ক্ষমতা ধরে রাখার সংগ্রাম গুরুত্ব পায়। শেষ পর্যন্ত তাঁর গ্রেপ্তার ও সাম্রাজ্যের ভাঙনের দিকে এগোয় কাহিনি।
তৃতীয় মৌসুমে গল্পের কেন্দ্র সরে যায় মেক্সিকোর অন্যান্য মাদক কার্টেল ও নতুন ক্ষমতাধর ব্যক্তিদের দিকে। ফলে প্রথম দুই মৌসুমে প্রধান চরিত্র হিসেবে থাকা দিয়েগো লুনার গায়ার্দো আর গল্পের কেন্দ্র থাকেন না।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রচারিত তিন মৌসুমের সিরিজটি দর্শকদের সামনে মেক্সিকোর মাদক ব্যবসার এক গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরে।
দিয়েগো লুনা কেন গায়ার্দোর সঙ্গে দেখা করেননি
একজন জীবিত ও কুখ্যাত অপরাধীকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব সহজ ছিল না। বিশেষ করে গায়ার্দোর মতো একজন মানুষের চরিত্রে অভিনয় করতে গিয়ে দিয়েগো লুনাকে ভাবতে হয়েছে, কীভাবে তাঁকে উপস্থাপন করবেন।
চরিত্রটির প্রস্তুতি নিতে বাস্তব গায়ার্দোর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি অভিনেতা। এমনকি তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গেও যোগাযোগ করেননি। বরং বিভিন্ন নথি, প্রতিবেদন, তথ্যচিত্র ও আগে প্রকাশিত গবেষণাসামগ্রী থেকে চরিত্র সম্পর্কে ধারণা নেন।
২০২৬ সালের নভেম্বরে গায়ার্দোর মৃত্যুর পর পুরোনো সাক্ষাৎকারগুলো আবার আলোচনায় এসেছে। ২০২০ সালে দ্য র্যাপকে দেওয়া সাক্ষাৎকারে লুনা জানিয়েছিলেন, এই চরিত্রে অভিনয়ের বিষয়ে তাঁর শুরুতে কিছুটা দ্বিধা ছিল। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন, সিরিজটি সঠিক উদ্দেশ্য নিয়ে নির্মিত হচ্ছে কি না।
কারণ, অপরাধীদের জীবন নিয়ে গল্প বলতে গিয়ে তাঁদের বীর হিসেবে উপস্থাপনের ঝুঁকি থাকে। দর্শক অনেক সময় অপরাধের ভয়াবহতা ভুলে চরিত্রের ক্ষমতা, প্রভাব ও জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। লুনা চাইছিলেন, গায়ার্দোর গল্পের পাশাপাশি সেই অপরাধী ব্যবস্থার ভয়াবহতাও যেন দর্শকের সামনে আসে।
এক সাক্ষাৎকারে লুনা জানিয়েছিলেন, আশির দশকে মেক্সিকোয় কী ঘটছিল, সে সম্পর্কে তাঁর নিজেরও খুব বেশি ধারণা ছিল না। শৈশবে সেই সময়ের ঘটনাগুলো গভীরভাবে বোঝার সুযোগ হয়নি। তাই চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে তাঁকে নতুন করে সেই সময়ের ইতিহাস জানতে হয়েছে।
লুনার অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংযত উপস্থাপনা। পর্দায় গায়ার্দোকে সব সময় চিৎকার করতে বা ভয় দেখাতে দেখা যায় না; বরং শান্তভাবে কথা বলা, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে চরিত্রটির ক্ষমতা প্রকাশ পেয়েছে। একজন মাদকসম্রাট কীভাবে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারেন, সেটিও অভিনয়ে ফুটিয়ে তুলেছেন তিনি।
কতটা সত্য, কতটা নির্মাতাদের কল্পনা?
‘নারকোস: মেক্সিকো’ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হলেও এটি কোনো প্রামাণ্যচিত্র নয়। বাস্তব ইতিহাসের সঙ্গে নাটকীয় উপস্থাপনার প্রয়োজনে কিছু কাল্পনিক চরিত্র ও ঘটনা যুক্ত করা হয়েছে।
যেমন সিরিজে স্কট ম্যাকনারি অভিনীত ওয়াল্ট ব্রেসলিন চরিত্রটি বাস্তবের কোনো একজন নির্দিষ্ট ডিইএ কর্মকর্তার জীবনী নয়। এটি একাধিক ব্যক্তির অভিজ্ঞতা ও তদন্তের নানা দিক মিলিয়ে তৈরি করা কাল্পনিক চরিত্র।
একইভাবে তেরেসা রুইজ অভিনীত ইসাবেলা বাউতিস্তা চরিত্রটিও বাস্তবের কোনো নির্দিষ্ট ব্যক্তির সরাসরি প্রতিরূপ নয়। গল্পের প্রয়োজনে নির্মাতারা এই চরিত্র তৈরি করেছেন।
অন্যদিকে গুয়াদালাহারা কার্টেলের উত্থান, গায়ার্দোর গ্রেপ্তার, কিকি কামারেনার অপহরণ ও হত্যাকাণ্ড এবং মেক্সিকোর মাদক ব্যবসায় বিভিন্ন গোষ্ঠীর সংঘাত ঐতিহাসিক ঘটনা।
সিরিজের আরেকটি আলোচিত বিষয় হলো, গায়ার্দোর সঙ্গে পাবলো এসকোবারের সম্পর্ক। বাস্তবে কলম্বিয়ার মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুয়াদালাহারা কার্টেলের যোগাযোগ ছিল। তবে সিরিজের সব ব্যক্তিগত সাক্ষাৎ বা কথোপকথনকে ঐতিহাসিক সত্য হিসেবে নেওয়ার সুযোগ নেই।
এমনকি গায়ার্দো নিজেও সিরিজে তাঁর চরিত্রায়ণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ২০২১ সালে টেলিমুন্দোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, সিরিজের চরিত্রের সঙ্গে তাঁর বাস্তব জীবনের মিল নেই। কিকি কামারেনার সঙ্গে দেখা হওয়ার কথাও অস্বীকার করেছিলেন তিনি। অবশ্য তাঁর এই বক্তব্য আদালতে প্রমাণিত অপরাধের রায়কে পরিবর্তন করে না।
পর্দার গল্পের বাইরেও যে ইতিহাস
গায়ার্দোর গ্রেপ্তারের পর গুয়াদালাহারা কার্টেলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। সংগঠনের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। পরবর্তী সময়ে মেক্সিকোর মাদক ব্যবসায় শক্তিশালী হয়ে ওঠে সিনালোয়া, তিহুয়ানা ও হুয়ারেজের মতো কার্টেল।
এই বিভক্তি শুধু অপরাধজগতের ক্ষমতার পালাবদল ছিল না। এর প্রভাব পড়ে মেক্সিকোর সাধারণ মানুষের জীবনেও। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত, হত্যা, অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনা বাড়তে থাকে। কয়েক দশক ধরে মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতির অন্যতম বড় সমস্যা হয়ে থাকে এই কার্টেল-সংঘাত।
‘নারকোস: মেক্সিকো’ দেখতে বসলে শুধু একজন মাদকসম্রাটের জীবন নয়, একটি দেশের অপরাধজগতের পরিবর্তনের গল্পও দেখা যায়। পর্দায় গায়ার্দোর উত্থান যতটা নাটকীয়, বাস্তবে তাঁর প্রতিষ্ঠিত ব্যবস্থার পরিণতি ছিল আরও ভয়াবহ।
নেটফ্লিক্সডটকম, আইএমডিবি ও কোলাইডার অবলম্বনে